গাজীপুরে করোনায় আক্রান্তের সংখ্যা আশংকাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এতে সাধারণ মানুষের মাঝে করোনার আতংক ছড়িয়ে পড়ছে। গণপরিবহন, হাট-বাজার, বিপনী বিতান, কাঁচা বাজার থেকে শুরু করে প্রায় সকলস্থানেই সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি বেশিরভাগ মানুষই মানছেন না। মুখে মাস্ক ও হাতে হ্যান্ড গ্লাভস ছাড়া মানুষ চলাচল করছে। সামাজিক দূরত্বের কোন বালাই নেই। যাত্রীবাহী গণপরিবহণে দুই সিটে একজন করে যাতায়ত করতে দেখা গেলেও অটোরিকশা, ইজিবাইক, সিএনজিতে গাদাগাদি করে লোকজন যাতায়ত করছে।
গাজীপুরে গত ১০ দিনে জেলায় মোট ৮০৮ জনের করোনায় আক্রান্ত হয়েছেন, আর করোনায় মারা গেছেন ১৫ জন। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, লকডাউন শেষে ৩১ মে অফিস খোলার দিন জেলায় মোট আক্রান্ত ছিল ১১৮০ জন। আর ১০ জুন বুধবার জেলায় মোট আক্রান্ত হয় ১৯৮৮ জনের। এখানে ১০ দিনে আক্রান্ত হয় ৮০৮জন। ৩১ মে পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ৪ জনের। ১০ জুন মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ১৯ জনে।
গাজীপুর সিটি ও সদরে ১০ জুন পর্যন্ত মোট আক্রান্ত হয় ১২৫৮ জন। দশ দিন আগে এখানে আক্রান্তের সংখ্যা ছিল ৭৮২ জন, আর ১০ দিনে এখানে মোট আক্রান্ত হয় ৪৭৬ জন। এ পর্যন্ত কালিয়াকৈর উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ২১১ জন। ১০ দিনে আক্রান্ত ১০২ জন। কালিগঞ্জে মোট আক্রান্ত ১৬৯ জন, ১০ দিনে আক্রান্ত ৩৬জন। কাপাসিয়ায় মোট আক্রান্ত ১৩৪ জন। ১০ দিনে আক্রান্ত ৪৫ জন। শ্রীপুরে মোট আক্রান্ত ২১৬ জন। গত ১০ দিনে আক্রান্ত ১৪৯ জন। জেলায় ১০ জুন পর্যন্ত মোট মোট ১৫ হাজার ৫৯ জনের করোনার স্যাম্পল পরীক্ষা করা হয়। এতে করোনা পজেটিভ আসে ১৯৮৮ জনের।
সিভিল সার্জন কার্যালয় সূত্র আরো জানায়, গত ৩০ মে পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছিল। ১০ জুন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা যান মোট ১৯ জন। শেষ দশ দিনেই মৃত্যু হয় ১৫ জনের। জেলায় ১০ জুন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৩৮ জন।
