প্রয়াত হলেন ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ জাগেশ মুকাতি। বিগত কিছুদিন যাবৎ হাঁপানির সমস্যায় ভুগছিলেন তিনি। ‘তারক মেহতা কি উলটা চশমা’, ‘অমিত কা অমিত’, ‘শ্রী গণেশ’ ইত্যাদি বহু নামজাদা মেগা সিরিয়ালে অভিনয় করেছেন জাগেশ মুকাতি। বেশ কিছু হিন্দি ছবিতেও তাকে দেখা গিয়েছে। বুধবার মাত্র ৪৭ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাগেশ।
জাগেশ মুকাতির মৃত্যুর খবরটি সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন তারই প্রিয় বন্ধু এবং গুজরাটের নাট্যাভিনেতা সঞ্জয় গোরাডিয়া। সঞ্জয় জানিয়েছেন যে, বুধবার দুপুর ৩টে নাগাদ মৃত্যু হয় প্রিয় অভিনেতার।
সঞ্জয় গোরাডিয়ার কথায়, ‘গত সপ্তাহে শুক্রবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল জাগেশকে। কিন্তু এই সময়ে কাউকে খবরটা জানতে দিচ্ছিল না জাগেশ। কারণ COVID-19 সংক্রমণ কালে মানুষের মধ্যে এখন মহামারীর প্রচণ্ড ভয়। বিগত কিছুদিন ধরেই হাঁপানি এবং স্থূলতার নানা শারীরিক সমস্যা দেখা দিয়েছিল জাগেশের শরীরে। বেশ ভালো ভাবেই ব্যায়ম এবং ডায়েট করা শুরুও করেছিল সে। কিন্তু লকডাউন শুরু হয়ে যাওয়াা কারণে তা আর বেশি দিন চালিয়ে যেতে পারেনি জাগেশ। তাই কিছুদিন ধরেই হাঁপানির সমস্যা আরও বেড়ে গিয়েছিল প্রিয় অভিনেতার। গত সপ্তাহেই একদিন নিশ্বাস-প্রশ্বাসের খুব সমস্যা দেখা দেয় তার। মুম্বাইতে জুহুর ক্রিটিকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শরীরে অক্সিজেন লেভেল খুবই কম হয়ে গিয়েছিল। নিয়ম অনুসারে ওর COVID-19 টেস্টও করা হয়েছিল। কিন্তু রিপোর্ট নেগেটিভ আসে।’
জাগেশের বন্ধু সঞ্জয় আরও বললেন, ‘গতকাল জাগেশের হাঁপানির সমস্যা ভয়ানক ভাবে বেড়ে যায়। আর তারপরই তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়। দুপুর ৩টে নাগাল ওর মৃত্যু হয়।’ বুধবার সন্ধ্যার দিকেই শেষকৃত্য সম্পন্ন হয় জাগেশের। তারক মেহতা কা উলটা চশমা-র অভিনেতা অম্বিকা রঞ্জনকর জাগেশের মৃত্যুতে গভীর ভাবে শোকাহত। ইনস্টাগ্রামে জাগেশ-কে নিয়ে একটি পোস্টও করেছেন তিনি।
তাদের শুটিংয়ের একটি ছবি পোস্ট করে তিনি লিখছেন, ‘দয়ালু, খুব সাপোর্টিভ এবং দুর্দান্ত সেন্স অফ হিউমর। খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেল! ওর আত্মার শান্তি কামনা করি। প্রিয় বন্ধু জাগেশ, তোমাকে খুব মিস করব।’ গুজরাটের থিয়েটার জগতে অত্যন্ত পরিচিত মুখ ছিলেন জাগেশ। কয়েক বছর আগে পরিণীতি চোপড়া এবং সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ‘হাসি তো ফাসি’ ছবিতে দেখা গিয়েছিল তাকে।
