সাতক্ষীরায় ভেসে যাওয়ার দশ ঘণ্টা পর মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার

আপডেট : ১২ জুন ২০২০, ০৯:১৪ এএম

ভাটার প্রবল স্রোতে ভেসে যাওয়ার দশ ঘণ্টা পর মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীর মানিকখালি খেয়াঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মুক্তিযোদ্ধার নাম আব্দুস সামাদ সানা (৭০)। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার হাজরাখালি গ্রামের জহুর আলী সানার ছেলে।

আশাশুনি উপজেলার নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা জানান, ঘূর্ণিঝড় আমপানের তাণ্ডবে খোলপেটুয়া নদীর হাজরাখালির একাংশ বেড়িবাঁধ ভেঙে প্রবল স্রোতের টানে একটি খাল সৃষ্টি হয়।

নদীবাঁধ সংস্কার না করায় ওই খালে নিয়মিত জোয়ার ভাটা হয়। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মুক্তিযোদ্ধাসহ তিনজন মাড়িয়ালা থেকে বাড়ি ফিরছিলেন। ওই খাল পার হওয়ার সময় ভাটার তীব্র টানে মুক্তিযোদ্ধা সামাদ ভেসে খোলপেটুয়া নদীতে ভেসে যায়। দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজির পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মানিকখালি খেয়াঘাট এলাকায় ভাসমান লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ফায়ার ব্রিগেডও আসে। উপজেলা প্রশাসনও সাধ্যমতো প্রচেষ্টা চালিয়ে উদ্ধার করে মুক্তিযোদ্ধা সামাদ সাহেবের মরদেহ।

মাড়িয়ালা গ্রামের মুক্তিযোদ্ধা রুহুল আমিন জানান, আব্দুস সামাদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

আশাশুনি থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবীর জানান, মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত