নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের পেচাইন এলাকার পঞ্চম শ্রেণির এক ছাত্রীর বিয়ে বন্ধ করেছে উপজেলা প্রশাসন। এ ছাড়া মেয়েটির লেখাপড়া চালিয়ে নেওয়ার দায়িত্ব নিয়েছেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুল ইসলাম।
গতকাল শুক্রবার দুপুরে উপজেলার জামপুর পেচাইন এলাকায় এ বাল্যবিয়ে বন্ধ করেন তিনি।
জানা গেছে, জামপুর পেচাইন এলাকায় পঞ্চম শ্রেণির ওই ছাত্রীর বিয়ে দেওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করে তার পরিবার। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম ওই বিয়ে বন্ধ করে দেন এবং মেয়েটি প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার জন্য তার মা-বাবার কাছ থেকে মুচলেকা নেন। ওই ছাত্রীর লেখাপড়ার দায়িত্ব ইউএনও বহন করবেন বলেও পরিবারকে আশ্বাস দেন।
