পুলিশের গুলিতে মেক্সিকোতে উঠতি ফুটবলারের মৃত্যু

আপডেট : ১৪ জুন ২০২০, ০৬:৩৯ এএম

জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের রেশ এখনো কাটেনি যুক্তরাষ্ট্রে। শে^তাঙ্গ পুলিশ কর্মকর্তার হাতে কৃষ্ণাঙ্গ নিহতের ঘটনার পর থেকেই ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের পাশাপাশি বিভিন্ন দেশে পুলিশি নির্যাতনে নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিবাদের ঝড় উঠছে। এরই মধ্যে মেক্সিকোতে ১৬ বছর বয়সী কিশোর ফুটবলার আলেক্সান্ডার মার্টিনেজ গোমেজকে গুলি করে মারার অভিযোগ উঠেছে দেশটির পুলিশের বিরুদ্ধে।

পেশাদার ফুটবলার হয়ে ওঠার স্বপ্ন ছিল আলেক্সান্ডারের।  খেলতেন ভেরাক্রুজ ক্লাবে, নিবন্ধিত হয়েছিলেন মেক্সিকোর প্রিমিয়ার লিগে। সম্প্রতি একটি টুর্নামেন্টে জয়সূচক গোলও করেছিলেন। তার মৃত্যুর পর সেই গোলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দ্বৈত নাগরিক আলেক্সান্ডারের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হতে পারছে না সে দেশের সরকার। তবে স্থানীয় গণমাধ্যমের খবর, মার্টিনেজ গত বুধবার বিকেলে বন্ধুদের নিয়ে বাজারে গিয়েছিলেন সোডা কিনতে। কিন্তু তাদের অস্ত্রধারী ভেবে ভুলে গুলি করে বসে পুলিশ। এ সময় আলেক্সান্ডার মাথায় গুলিবিদ্ধ হন। আলেক্সান্ডারের শেষকৃত্যে উপস্থিত ছিলেন তিনশ’র বেশি মানুষ। তার ক্লাবের সতীর্থরা কান্নায় ভেঙে পড়েন, জড়িয়ে ধরেন আলেক্সান্ডারের কফিনকে। শেষকৃত্যে উপস্থিত থাকা সবাই এই হত্যার বিচার দাবি করেন। ‘জাস্টিস ফর আলেক্সান্ডার’ প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওবার্তায় আলেক্সান্ডারের মা বলেন, ‘আমার ছেলের একটা স্বপ্ন ছিল। ওরা তা শেষ করে দিল। ছেলেরা অপরাধী ছিল না, বয়স অল্প। কীভাবে বিশ্বাস করব ওরা ভুল করেছে?’ গুলিবিদ্ধ হওয়ার পর কেউ তার ছেলের সাহায্যে এগিয়ে আসেনি বলেও জানান আলেক্সান্ডারের মা।  এদিকে মেক্সিকোর ওয়াক্সাকা রাজ্যের গভর্নর আলেজান্দ্রো মুরাত এই ঘটনায় তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত