অনলাইনে নারী ফুটবলারদের নিয়ে কাজ করে যাচ্ছেন ছোটন

আপডেট : ১৪ জুন ২০২০, ১১:৪৩ পিএম

করোনাভাইরাসের কারণে দেশে সব ধরনের খেলাধুলা স্থগিত ঘোষণার পর বন্ধ হয়ে যায় নারী ফুটবলারদের ক্যাম্প। বাফুফের অধীনে থাকা মেয়েরা নিজ নিজ বাড়িতে চলে যান। এ ছাড়া নারী ফুটবল লিগ খেলতে অনেকেই ছিলেন ক্লাবগুলোর তত্ত্বাবধানে। তারাও এখন বাড়িতে অবস্থান করছেন।

তবে অনলাইনের মাধ্যমে নারী ফুটবলারদের ফিট থাকার জন্য নিয়মিত দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন জাতীয় নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন। সে অনুযায়ী সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকাররা ফিট থাকার কাজ করে যাচ্ছেন।

রবিবার এক ভিডিও বার্তায় ছোটন বলেন, ‘গত তিন-চার বছর মেয়েরা খুবই ব্যস্ত সময় পার করেছে এবং আমরা সবসময় চেষ্টা করেছি মেয়েদের ফিটনেস সর্বোচ্চ পর্যায়ে রাখার। হঠাৎ আসা মহামারিতে সেটা থমকে গেছে।’

‘গত ১৭ মার্চ আমাদের শেষ অনুশীলন হয়েছে। এরপর তারা যার যার বাড়িতে অবস্থান করছে। তবে প্রতিনিয়তই আমি ও আমার কোচিং স্টাফ এবং ফুটবল ফেডারেশন মেয়েদের খোঁজ নিচ্ছি। ইন্টারনেটের মাধ্যমে, টেলিফোনে তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বলা হয়েছে কোনো সমস্যা হলে জানাতে। ফিজিক্যালি না থাকলেও ভার্চুয়ালি আছি, তাদের ফিটনেস বাড়ানো নিয়ে কাজ করছি।’

মেয়েদের মূলত ভাসকুলার ট্রেনিং, রানিং করে যাওয়াতে উদ্বুদ্ধ করে যাচ্ছেন কোচ। এ জন্য তিনি বাড়ির উঠান কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন শিষ্যদের।

ছোটন বলেন, ‘আগেও দেখা গেছে ১৫ দিন অনুশীলনের বাইরে থাকলে মেয়েদের ফিটনেস লেভেল কমে যায়। দুই মাসেরও বেশি বাইরে থাকায় তাই স্বাভাবিকভাবে কমেছে। মানসিকভাবে ভালো থাকাও চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে মেয়েদের বলেছি গ্রামের বাড়িতে উঠান আছে, সেখানে ভাসকুলার ট্রেনিং, রানিং করার জন্য। এভাবে তাদের উদ্বুদ্ধ করা হচ্ছে, যাতে ফিটনেস লেভেল কাছাকাছি মানে চলে আসে।’

করোনার কারণে ছেলেদের ফুটবল মৌসুম স্থগিত হলেও নারী ফুটবল লিগ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে যে কোনো সময়েই তা শুরু হবে ধরে নিয়ে মেয়েদের তৈরি থাকার পরামর্শ কোচের।

তা ছাড়া সূচি অনুযায়ী সেপ্টেম্বরে মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্ট হওয়ার কথা রয়েছে। তাই মেয়েদের ফিট থাকার ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখছেন কোচ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত