খুলনায় স্বরাষ্ট্রমন্ত্রী

ই-লাইসেন্সিংয়ের মাধ্যমে তৈরি হবে আগ্নেয়াস্ত্রের ডাটাবেজ

আপডেট : ১৫ জুন ২০২০, ০৬:১৫ এএম

প্রতি জেলায় আগ্নেয়াস্ত্রের ই-লাইসেন্স কার্যক্রম চালু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, এর ফলে উপকারভোগীরা লাইসেন্স নবায়ন সংক্রান্ত কাজ ঘরে বসে করতে পারবেন। এর মাধ্যমে সব আগ্নেয়াস্ত্রের একটি অনলাইন ডাটাবেজ তৈরি হবে। এতে আইনশৃঙ্খলা বাহিনী সহজে এসব অস্ত্রের তদারকি করতে পারবে।

গতকাল রবিবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার আগ্নেয়াস্ত্রের ই-লাইসেন্স কার্যক্রমের উদ্বোধন ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আগ্নেয়াস্ত্রের ই-লাইসেন্স কার্যক্রম যুগান্তকারী পদক্ষেপ হিসেবে কাজ করবে। পর্যায়ক্রমে প্রতি জেলায় এই কার্যক্রম চালু হবে।

অনুষ্ঠানে ঢাকা থেকে উদ্বোধক হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। এতে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

খুলনা জেলায় মোট ২ হাজার ৫৬১টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স আছে। এর মধ্যে প্রথম পর্যায়ে ১ হাজার ৭৭টি আগ্নেয়াস্ত্রের ই-লাইসেন্স বিতরণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত