তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে জুলাইয়ে শ্রীলঙ্কা সফরের কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। এই সিরিজ নিয়ে এখনো দুই দেশের বোর্ডের মধ্যে আলোচনা চলছে। তবে বাংলাদেশ দলের ক্রিকেটাররা নির্ধারিত সূচিতে এই সফরে যেতে রাজি নয়।
রবিবার ক্রিকেটারদের সংগঠন- ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর অনলাইন সভায় এই মতামতই জানিয়েছেন মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহরা।
করেনাভাইরাসের কারণে এখনো ক্রিকেটাররা অনুশীলনই শুরু করতে পারেনি। তিন মাস ধরে সবাই মাঠের বাইরে। এ অবস্থায় টেস্ট সিরিজ খেলতে নেমে পড়তে চান না খেলোয়াড়রা। জানা গেছে, কোয়াবের বৈঠকে এমন মতই দিয়েছেন তারা।
এর প্রেক্ষিতে সোমবার কোয়াব প্রেরিত বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্বাস্থ্যবিধি ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করণ পূর্বক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক সিদ্ধান্ত গ্রহণ করবেন।’
কোয়াব সাধারণ সম্পাদক দেবব্রত পাল স্বাক্ষরিত বিবৃতিতে আরো বলা হয়, ‘ঢাকা প্রিমিয়ার ডিভিশনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে দেশের বর্তমান পরিস্থিতি আরো কিছুদিন পর্যবেক্ষণের সিদ্ধান্ত গৃহীত হয়।’
কোয়াবের উদ্যোগে জাতীয় দল ও প্রিমিয়ার লিগের শীর্ষ স্থানীয় ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ভার্চুয়াল সভায় যুক্ত ছিলেন- কোয়াব সভাপতি ও বিসিবি পরিচালক নাইমুর রহমান দুর্জয়, কোয়াব সহ-সভাপতি ও বিসিবি পরিচালক খালেদ মাহামুদ সুজন, সাধারণ সম্পাদক দেবব্রত।
ক্রিকেটারদের মধ্যে ছিলেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, আব্দুর রাজ্জাক, তুষার ইমরান, জহুরুল ইসলাম অমি, এনামুল হক জুনিয়র, শাহরিয়ার নাফীস, নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব ও নাঈম শেখ।
সভাশেষে সংবাদ মাধ্যমকে কোয়াব সাধারণ সম্পাদক দেবব্রত পাল শ্রীলঙ্কা সফর প্রসঙ্গে বলেছেন, ‘অনুশীলনই তো শুরু করা যাচ্ছে না। মিরপুর রেড জোন, কক্সবাজার রেড জোন। কোথায় অনুশীলন শুরু করবে ক্রিকেটাররা। ওয়ানডে, টি-টোয়েন্টি হলে ভিন্ন কথা থাকতো। কিন্তু তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যে ধরনের শারীরিক এবং মানসিক প্রস্তুতি থাকা দরকার, তা তো ক্রিকেটাররা নিতে পারেনি।’
শ্রীলঙ্কায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় তারা আন্তর্জাতিক সিরিজ আয়োজনে তৎপর। ক্রিকেটাররা অনুশীলনেও ফিরেছে। তবে বাংলাদেশে পরিস্থিতি ভিন্ন। তাই নির্ধারিত সময়ে এই সিরিজ যে হচ্ছে না এটা এক রকম বলাই যায়।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলা কথা ছিল লঙ্কানদের। সেই সিরিজ এরই মধ্যে বাতিল করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই।
