দুদকের মামলা

হাইকোর্টে জামিন হয়নি বরখাস্ত কাউন্সিলর রাজীবের

আপডেট : ১৬ জুন ২০২০, ০৬:০৬ এএম

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের  মোহাম্মদপুর এলাকার ৩৩ নম্বর ওয়ার্ডের বরখাস্ত কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে জামিন দেয়নি হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল হওয়া পর্যন্ত রাজীবের জামিনের এ আবেদনটি মুলতবি (স্ট্যান্ডওভার) রাখেন। গত ৬ ফেব্রুয়ারি এ মামলায় তার জামিনের আবেদন খারিজ করে আদেশ দেয় ঢাকার সংশ্লিষ্ট আদালত। এরপর বিচারিক আদালতের ওই আদেশে বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন রাজীব। ভিডিও কনফারেন্সে তার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এম ফেরদৌস আল বশির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী শাহীন আহমেদ। গত বছরের ১৯ অক্টোবর তারেকুজ্জামান রাজীবকে আটক করে র‌্যাব। ২৬ কোটি ১৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে ৬ নভেম্বর মামলা করে দুর্নীতি দমন কমিশন। এজাহারে বলা হয়, কাউন্সিলর রাজীবের নামে স্থাবর-অস্থাবর মোট ২৬ কোটি ১৬ লাখ ৩৫ হাজার ৯০৫ টাকার সম্পদ পাওয়া গেছে। অনুসন্ধানে দেখা যায়, কাউন্সিলর থাকাকালে তিনি ক্ষমতার অপব্যবহার করে ওই পরিমাণ সম্পদ অর্জন করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত