করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের দেখতে গেলেন ডিএমপির প্রতিনিধি দল

আপডেট : ১৬ জুন ২০২০, ১১:৫৮ পিএম

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বিপিএম (বার) করোনা ভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন এবং বাহিনীর সদস্যদের সুচিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা প্রদান করছেন।

তাদের নির্দেশনায় ইতোমধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে কয়েকটি টিম গঠন করা হয়েছে। এসব টিমের কর্মকর্তাগণ সার্বক্ষণিক করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের পাশে যাচ্ছেন, তাদের সাথে কথা বলছেন, তাদের স্বাস্থ্যের খোঁজ নিচ্ছেন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সদা তৎপর রয়েছেন।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম এর নেতৃত্বে টিম-১২ ইমপালস হাসপাতাল লিমিটেডে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের চিকিৎসাধীন করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের দেখতে যান। তারা করোনা আক্রান্ত প্রতিটি পুলিশ সদস্যকে সরেজমিন পরিদর্শন করেন, তাদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং আক্রান্তদের চিকিৎসা সেবাসহ নানাবিধ সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজ নেন।

দলে আরও ছিলেন- অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন) আর এম ফয়জুর রহমান পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন) মো. আবু আশরাফ সিদ্দিকী, সহকারী পুলিশ কমিশনার (প্রসাশন-সদরদপ্তর) মো. আশিক হাসান ও সহকারী পুলিশ কমিশনার(ফোর্স) কে. এন. রায় নিয়তি। ইমপালস হাসপাতালে ডিউটি ম্যানেজার জনাব মো. জিলানী প্রতিনিধি দলকে বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করতে সহায়তা করেন।

এছাড়াও পরিদর্শন দল কোয়ারেন্টাইনকৃত পুলিশ সদস্যদের সুযোগ-সুবিধা দেখার জন্য পল্লবী থানা কোয়ারেন্টাইন সেন্টার এবং উত্তরা পুলিশ লাইনস, দিয়াবাড়ি কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শন করেন। কোয়ারেন্টাইন সেন্টারগুলোতে অবস্থানরত পুলিশ সদস্যবৃন্দ বড় কোন অসুবিধা ছাড়াই ভাল আছেন।

 

উল্লেখ্য যে পরিদর্শনকালে উক্ত হাসপাতাল এবং কোয়ারেন্টাইন সেন্টারে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায় ইমপালস হাসপাতালে ডিএমপির পাশাপাশি ভোলা জেলা, টাঙ্গাইল জেলা, র‍্যাব ফোর্সেস, এসবি, এপিবিএন, সিআইডি, নৌ পুলিশ, বরিশাল মেট্রো, পুলিশ হেডকোয়ার্টার্স, এসপিবিএন সহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের ১৮২ জন পুলিশ সদস্য চিকিৎসাধীন আছে। এছাড়াও পল্লবী থানা কোয়ারেন্টাইন সেন্টারে ৩ জন এবং উত্তরা পুলিশ লাইন্স দিয়াবাড়ি করেন সেন্টারে ৩১ জন পুলিশ সদস্য কোয়ারেন্টাইনে আছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত