বিমানবন্দর ও দক্ষিণখান থেকে মস্তক বিহীন লাশের খণ্ডিত অংশ উদ্ধার, মামলা

আপডেট : ১৭ জুন ২০২০, ১২:২৯ এএম

রাজধানীতে পৃথক স্থান থেকে হেলাল উদ্দিন (২৬) নামে এক ব্যবসায়ীর মস্তক বিহীন লাশের দুটি অংশ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে।

মঙ্গলবার দক্ষিণখান থানায় হেলাল উদ্দিনের বড় ভাই হুজায়ফা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলাটি করেন। হেলাল উদ্দিন এলাকায় বিকাশ ও ফ্লেক্সিলোডের ব্যবসা করতেন।

সোমবার বিমানবন্দর থানা ও দক্ষিণখান থানা এলাকা থেকে ওই ব্যবসায়ীর মস্তকবিহীন মরদেহের ক্ষত বিক্ষত দুটি অংশ উদ্ধার করে পুলিশ। আঙুলের ছাপ মিলিয়ে জাতীয় পরিচয়পত্রের সার্ভার থেকে তার পরিচয় শনাক্ত করে পুলিশ। লাশের মাথার অংশ মঙ্গলবার বিকেল পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।

দক্ষিণখান থানার ডিউটি অফিসার তারিকুল ইসলাম এ ঘটনায় মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের নাভি থেকে নিচের অংশ দক্ষিণখান থানা এলাকার মুক্তিযোদ্ধা সড়কের বটতলায় ও বিমানবন্দর থানা এলাকার হাজী ক্যাম্প সংলগ্ন ঝোপের মধ্য থেকে মরদেহের নাভী থেকে গলা পর্যন্ত অংশ বস্তাবন্দি অবস্থায় পড়েছিল। তবে লাশের মাথা পাওয়া যায়নি। এই ঘটনায় থানা পুলিশ লাশের মাথার অংশ খুঁজছে। পুলিশের ধারণা লাশটির মাথার অংশ কোন ডোবা বা ঝোপঝাড়ে ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

পুলিশের এয়ারপোর্ট জোনের সহকারী কমিশনার খন্দকার রেজাউল হাসান বলেন, ভিকটিমের বাড়ি দক্ষিণখান থানা এলাকা হওয়ায় দক্ষিণখানে মামলা হয়েছে। থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে।

দক্ষিণ থানার একজন এসআই জানান, হেলাল উদ্দিনের মাথার অংশ খুঁজে বের করার চেষ্টা চলছে। এছাড়া তার মোবাইল ফোনের কল লিস্ট সংগ্রহ করা হয়েছে। কারা কি কারণে তাকে হত্যা করে লাশ টুকরা টুকরা করে বস্তায় ভরে ফেলে দিয়েছে বিষয়টি জানা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত