গ্রেপ্তার বন্ধ না হলে করোনা পরিস্থিতিতেও রাস্তায় নামার হুঁশিয়ারি রিজভীর

আপডেট : ১৭ জুন ২০২০, ০৬:২০ এএম

গ্রেপ্তার বন্ধ না হলে করোনা পরিস্থিতিতেও রাস্তায় নামার ঘোষণা দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘আমরা স্পষ্টভাবে বলতে চাই, যদি আপনি করোনার মধ্যেও ছাত্রদলের ছেলেদের গ্রেপ্তার করেন, যুবদলের ছেলেদের গ্রেপ্তার করেন, আমরাও বসে থাকব না। আসুক আমাদের ওপর করোনার ঝড়, আমরা সবকিছু মেনে নিয়েও রাস্তায় তুমুল আন্দোলন করব।’

গতকাল মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লক্ষ্মীপুরের নবম শ্রেণির ছাত্রী হীরা মনিকে হত্যার প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, যদি মার্কিন যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েডের জন্য সবকিছু উপেক্ষা করে মানুষ রাস্তায় নামতে পারে, আমরাও করোনা উপেক্ষা করে রাস্তায় নামব এই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে। এ সময় যশোরে গুম হওয়া ছাত্রদল নেতা ইব্রাহিম হোসেনের সন্ধান এবং কুমিল্লার ছাত্রদল নেতা পারভেজ হোসেন ও লক্ষ্মীপুরে পালের হাটে পাবলিক হাইস্কুলের ছাত্রী হীরা মনিকে হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত খুঁজে বের করে শাস্তির দাবিও জানান রিজভী।

একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে গ্রেপ্তার মানিকগঞ্জের সাটুরিয়ার ছাত্রদল নেত্রী রাহা মাহমুদা পলির মুক্তিরও দাবি জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত