বিদ্যুতের ভুতুড়ে বিলে অতিষ্ঠ চন্দনাইশবাসী

আপডেট : ১৭ জুন ২০২০, ০৭:৩৭ এএম

চট্টগ্রাম পল্লীবিদ্যুৎ সমিতি-১ চন্দনাইশ অঞ্চলের বিরুদ্ধে ভুতুড়ে বিলের অভিযোগ করেছেন গ্রাহকরা। বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে গতকাল মঙ্গলবার সকালে চন্দনাইশ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবদুল জব্বার চৌধুরীর উপস্থিতিতে পল্লীবিদ্যুৎ সমিতি চন্দনাইশ কার্যালয়ে গণশুনানি হয়েছে।

ভুক্তভোগীরা জানান, উপজেলার গাছবাড়িয়ার শাহ আলমের মার্চ ও এপ্রিল মাসে ১১৭ টাকা বিলের স্থলে মে মাসে ৬ হাজার টাকা বিল হয়েছে। চৌধুরীপাড়ার একজনের মার্চ মাসে ৫ হাজার ৮৬০ টাকা, এপ্রিল মাসে ৪ হাজার ৮৮৭ টাকার স্থলে মে মাসে ১৭ হাজার ১৫ টাকা বিল করা হয়েছে। একইভাবে আরেকজনের মার্চ মাসে ২ হাজার ২৪৮ টাকা, এপ্রিল মাসে ২ হাজার ২৮৮ টাকার স্থলে মে মাসে ১১ হাজার ৮৪৭ টাকা বিল করা হয়।

এ বিষয়ে চট্টগ্রাম পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর চন্দনাইশ জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেছেন, ‘করোনাভাইরাস সংক্রমণের কারণে গত ২ মাস গ্রাহকদের বাড়িতে গিয়ে বিদ্যুৎ বিল করা সম্ভব হয়নি। ওই সময় লোড শেডিংও ছিল না। প্রায় ৩ মাস সবাই বাড়িতে অবস্থান করায় বিদ্যুৎ বেশি ব্যবহৃত হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত