নিহত সেনাদের নিয়ে টুইট করে বরখাস্ত চেন্নাইয়ের টিম ডাক্তার

আপডেট : ১৭ জুন ২০২০, ০৯:৪৪ পিএম

লাদাখ সীমান্তে চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারানো ভারতীয় সেনাদের নিয়ে টুইট করে চাকরি হারালেন আইপিএল দল চেন্নাই সুপার কিংসের টিম ডাক্তার মধু থোট্টাপ্পিল্লিল। বুধবার এক টুইট বার্তায় চেন্নাই সুপার কিংস তাদের টিম ডাক্তারকে বরখাস্তের কথা জানায়।

সোমবার রাতে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ান নিহত হয়। সংঘর্ষে মৃত্যু হয় ৪৩ জন চীনা সৈনিকেরও।

ঘটনার পর চেন্নাই সুপার কিংসের টিম ডাক্তার টুইট করে বিতর্কের মুখে পড়েন। তিনি লিখেন, ‘ভীষণ জানতে ইচ্ছা করছে যে, এবার শহিদ জওয়ানদের কফিনেও কি পিএম কেয়ার্স লেখা থাকবে?’

তার এই টুইট নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। চাপে পড়ে টুইটটি ডিলিট করেন ডাক্তার মধু।

এর মধ্যে বুধবার চেন্নাই সুপার কিংসের পক্ষে টুইটারে জানিয়ে দেওয়া হলো, ডাক্তার মধুর মতামত সম্পূর্ণ তার ব্যক্তিগত এবং তার জন্য দল তাকে বরখাস্ত করছে।

চেন্নাই সুপার কিংস তাদের অফিশিয়াল টুইটারে লিখেছে, ‘ডাক্তার মধু থোট্টাপ্পিল্লিলের ব্যক্তিগত টুইট সম্পর্কে চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্ট অবগত ছিল না। তাকে টিম ডাক্তারের পদ থেকে বরখাস্ত করা হয়েছে।’

আরও লেখা হয়, ‘চেন্নাই সুপার কিংস তার টুইটের জন্য অনুতপ্ত, যেটা ম্যানেজমেন্টের অজান্তেই করা হয়েছিল এবং কুরুচিকর ছিল।’

থোট্টাপ্পিল্লিল আইপিএলের শুরু থেকেই চেন্নাই সুপার কিংস দলের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি একজন স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত