কেশবপুরে গাঁজাসহ আটক পুলিশ কর্মকর্তা কারাগারে

আপডেট : ১৮ জুন ২০২০, ১২:০১ এএম

যশোরের কেশবপুরে গাঁজাসহ আটক চৌগাছা থানার এসআই মো. হাসানুজ্জামানের রিমান্ড শেষ হওয়ায় বুধবার তাকে আদালতে সোপর্দ করে পুলিশ। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মঞ্জুরুল ইসলাম এ সময় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন । 

পুলিশের একটি সূত্র জানায়, তিন কেজি গাঁজাসহ আটক এসআই মো. হাসানুজ্জামানকে মঙ্গলবার একদিনের রিমান্ডে নেয় কেশবপুর থানার পুলিশ। 

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা কেশবপুর থানা পুলিশের ইনসপেক্টর (তদন্ত) শেখ ওহিদুজ্জামান আদালতে তার ৭ দিনের রিমান্ডের আবেদন জানালে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন। বুধবার রিমান্ড শেষ হওয়ায় এসআই মো. হাসানুজ্জামানকে আদালতে সোপর্দ করেন তদন্ত কর্মকর্তা। বিকেল তিনটার দিকে আদালতে আনা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে রিমান্ডে এসআই মো. হাসানুজ্জামানের কাছ থেকে কোন তথ্য পাওয়া গেছে কি-না তা জানা যায়নি।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে তদন্ত কর্মকর্তা ইনসপেক্টর শেখ ওহিদুজ্জামান এ বিষয়ে কোন কিছু বলবেন না বলে জানান।   

এর আগে গত মঙ্গলবার একই মামলায় আটক নাজমুল ইসলাম ওরফে রুহুল আমিন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। নাজমুল ইসলাম কেশবপুর উপজেলার চাঁদড়া নবাববাড়ি এলাকার আবুল হোসেন মোড়লের ছেলে। পুলিশ মামলার এজাহারভুক্ত আরেক আসামি শহীদকে এখনো আটক করতে পারেনি। শহীদ মনিরামপুর উপজেলার পারখাজুরা দক্ষিণপাড়ার মশিয়ার রহমান ওরফে মশি কালার ছেলে। 

প্রসঙ্গত, গত ১৫ জুন কেশবপুর উপজেলার চাঁদড়া নবাববাড়ি মোড় এলাকায় গাঁজা বিক্রি করতে গিয়ে আটক হন চৌগাছা থানা পুলিশের এসআই মো. হাসানুজ্জামান ও তার সহযোগী নাজমুল ইসলাম ওরফে রুহুল আমিন। ভালুকঘর ক্যাম্পের পুলিশ ক্রেতা সেজে তাদের আটক করে। এ ঘটনায় কেশবপুর থানায় ৩ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত