বিশ্বকাপ নিয়ে দ্রুত সিদ্ধান্ত চায় বিসিসিআই

আপডেট : ১৮ জুন ২০২০, ০৪:১৬ এএম

এ বছর অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় বসার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তবে করোনাভাইরাসের কারণে বেশ আগে থেকেই এই আসর নির্ধারিত সময়ে হওয়া নিয়ে ছিল সংশয়। যা আরো বেড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) চেয়ারম্যান আর্ল এডিংসের মঙ্গলবারের বক্তব্যে।

তিনি বলেছেন, করোনাভাইরাসের কারণে ১৬ দেশ নিয়ে বিশ্বকাপ আয়োজনের চিন্তা করা এই মুহূর্তে অবাস্তব। এদিকে আইসিসির সবশেষ সভায় বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এক মাস অর্থাৎ জুলাই পর্যন্ত সময় নিয়েছে আইসিসি।

কিন্তু আয়োজক অস্ট্রেলিয়া যেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে, সেখানে আইসিসির এই ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমল।

বিসিসিআই কোষাধ্যক্ষ এক ওয়েবসাইটে বলেছেন, ‘টুর্নামেন্ট আয়োজন করতে অপারগ বলে জানিয়ে দিয়েছে আয়োজক দেশ। তাই আইসিসির খুব বেশি কিছু করার নেই। জানি না তারা কেন দেরি করছে। এটা আইসিসির সিদ্ধান্ত, তারা যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে চাইবে, তখনই হবে। তবে এই সিদ্ধান্ত দ্রুত হওয়াই বিশ্ব ক্রিকেটের জন্য ভাল।’

বিশ্বকাপ না হলে সেই সময় আইপিএল আয়োজন করতে চায় বিসিসিআই। আর এ কারণেই তারা চায় দ্রুত সিদ্ধান্ত নিক আইসিসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত