আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর তাকে নিয়ে ফেইসবুকে বিরূপ মন্তব্য করার অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাংলার শিক্ষক সিরাজাম মনিরাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে ডিজিটাল নিরাপত্তা আইনের ওই মামলায় সিরাজাম মনিরাকে জেলগেটে দুই দিন জিজ্ঞাসাবাদের জন্য গতকাল বৃহস্পতিবার পুলিশকে অনুমতি দিয়েছে আদালত। অন্যদিকে মোহাম্মদ নাসিমকে নিয়ে ফেইসবুকে বিরূপ মন্তব্য করার অভিযোগে দায়ের আরেক মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষক কাজী জাহিদুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজাম মনিরা সাসপেন্ড : সিরাজাম মনিরাকে বেরোবি থেকে সাময়িকভাবে বহিষ্কারের বিষয়টি গত বুধবার রাতে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী প্রশাসক তাবিউর রহমান প্রধান। দেশ রূপান্তরকে তিনি বলেন, সিরাজাম মনিরা যেহেতু মামলায় গ্রেপ্তার আছেন, তাই বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে তাকে ডাকযোগে চিঠিও পাঠানো হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেরোবির বাংলা বিভাগের প্রভাষক মোছা. সিরাজাম মনিরাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহর নির্দেশে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল স্বাক্ষরিত মঙ্গলবার এক চিঠিতে এই আদেশ জারি করেন। সিরাজাম মনিরাকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর আইন-২০০৯-এর ধারা ৪৭-এর (৬) অনুযায়ী এবং সরকারি চাকরিবিধির (পার্ট-১) বিধি ৭৩ নোট (২) অনুসারে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত (সাসপেন্ড) করা হয়। তার এই বরখাস্তের আদেশ গ্রেপ্তারের দিন অর্থাৎ ১৪ জুন থেকে কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সিরাজাম মনিরা ১৩ জুন শনিবার ফেইসবুকে তার ব্যক্তিগত টাইমলাইনে জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলীর সুযোগ্য সন্তান, সাবেক মন্ত্রী, ১৪ দলের সমন্বয়ক ও বর্ষীয়ান রাজনীতিবিদ মোহাম্মদ নাসিমের মৃত্যু নিয়ে আপত্তিজনক মন্তব্য করেন। তার বিরুদ্ধে ১৪ জুন রংপুর মেট্রোপলিটনের তাজহাট থানায় মামলা করা হয় এবং ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
মামলায় গতকাল সিরাজাম মনিরাকে রিমান্ডে নেওয়ার আবেদন নামঞ্জুর করে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত। বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই মুহিব্বুল ইসলাম জানান, রবিবার ওই শিক্ষককে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। বৃহস্পতিবার দুপুরে অনলাইন আদালতে শুনানি শেষে রংপুরের মুখ্য বিচারিক হাকিম রিমান্ড নামঞ্জুর করে দুই দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামালের ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের মামলায় ১৪ জুন শনিবার রাত সাড়ে ১২টার দিকে সিরাজাম মুনিরাকে গ্রেপ্তার করে পুলিশ।
সিরাজাম মনিরা বিশ্ববিদ্যালয়টির বাংলা বিভাগের প্রভাষক। ছাত্রজীবনে তিনি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সহসভাপতি ছিলেন। রংপুর শহরের সরদারপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন তিনি। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিরাজাম মনিরাকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার ও ‘হয়রানির’ প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৫৩ জন শিক্ষক। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ফাহমিদুল হক স্বাক্ষরিত এক বিবৃতিতে প্রতিবাদ জানান তারা।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম ১৩ জুন শনিবার রাজধানী ঢাকার শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সিরাজাম মনিরার বিরুদ্ধে অভিযোগ, নাসিমের মৃত্যুতে তিনি ফেইসবুকে ব্যঙ্গ করে একটি লেখা পোস্ট করেন। এ নিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা তার শাস্তি দাবি করেন। পরে বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ মামলা করে। এ ছাড়া মনিরার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি আবু মোন্নাফ আল কিবরিয়া তুষারের দায়ের করা এজাহার সম্পূরক হিসেবে রাখা হয়েছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা এসআই মুহিব্বুল ইসলাম।
রাবি শিক্ষক জাহিদুর গ্রেপ্তার : মোহাম্মদ নাসিমকে নিয়ে ফেইসবুকে বিরূপ মন্তব্য করার অভিযোগে রাজশাহী শহরের সাগরপাড়ার তাপস কুমার সাহা নামে এক আইনজীবীর ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাবি শিক্ষক কাজী জাহিদুর রহমানকে বুধবার রাত দুইটার দিকে গ্রেপ্তার করে পুলিশ।
সিটি পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. গোলাম রুহুল কুদ্দুস বলেন, ‘জাহিদুর রহমান ফেইসবুকে নাসিমকে নিয়ে আজেবাজে কথা লিখে কটূক্তি করেছেন এই অভিযোগে মামলার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে আইনজীবী তাপস কুমার সাহা ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলা দায়ের করেন।’
জাহিদুর রহমান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক। ক্যাম্পাসের ভেতরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কোয়ার্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তারের আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. লুৎফর রহমান জানতেন না। প্রক্টর বলেন, ‘রাত দেড়টায় আমার ফোনে সম্ভবত মতিহার থানার পুলিশ ফোন করেছিল। আমি তখন ঘুমিয়ে ছিলাম। সকালে ফোনটি দেখেছি এবং গ্রেপ্তারের বিষয়টি জানতে পেরেছি।’
আওয়ামী লীগ নেতা নাসিম অসুস্থ হওয়ার পর তাকে নিয়ে ১ ও ২ জুন কাজী জাহিদুর রহমান ফেইসবুকে লেখেন। কিন্তু সে সময় ঘটনাটা পেছনেই থেকে যায়। শনিবার নাসিমের মৃত্যুর পর বিরূপ মন্তব্য করে সেদিনই গ্রেপ্তার হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক সিরাজাম মুনিরা। এরপর সোমবার কাজী জাহিদুর রহমানের ওই লেখা সামনে এনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আব্দুস সোবহানের কাছে স্মারকলিপি দিয়ে এই দাবি জানায়।
কাজী জাহিদুর নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক। বুধবার তাকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করেছে নড়াইল আওয়ামী লীগ।
