বিপিআইসিসি’র প্রতিক্রিয়া

বাজেট ক্ষতিগ্রস্ত পোলট্রিশিল্প ঘুরে দাঁড়াতে সহায়ক হবে

আপডেট : ১৯ জুন ২০২০, ০৫:৫৫ এএম

প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটকে পোলট্রিবান্ধব হিসেবে স্বাগত জানিয়েছে পোলট্রিশিল্পের কেন্দ্রীয় সংগঠন বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি)। এই বাজেট ‘কভিড-১৯’ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পোলট্রিশিল্প ঘুরে দাঁড়াতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানায় সংগঠনটি।

পোলট্রিশিল্পবান্ধব বাজেট পেশ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিপিআইসিসির সহসভাপতি শামসুল আরেফিন খালেদ বলেন, করোনাসংকটে মার্চ থেকে মে মাস পর্যন্ত প্রায় ৭ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এক দিন বয়সী বাচ্চার সাপ্তাহিক উৎপাদন ১ কোটি ৭০ লাখ থেকে ১ কোটি ১০ লাখ এবং লেয়ার বাচ্চার উৎপাদন ১৪ লাখ থেকে ৯ লাখে নেমে এসেছে। ডিমের দৈনিক উৎপাদন ৪ দশমিক ৫ কোটি থেকে ৩ কোটিতে নেমে এসেছে। ব্রয়লার মুরগির মাংসের দৈনিক উৎপাদন ৩ হাজার ২৭ মেট্রিক টন থেকে ১ হাজার ৬০০ মেট্রিক টনে এবং পোলট্রি ও প্রাণিখাদ্যের মাসিক উৎপাদন ৪ দশমিক ৫ লাখ মেট্রিক টন থেকে ২ দশমিক ৯ লাখ মেট্রিক টনে নেমে এসেছে। সার্বিক বিচারে এ খাতে বিনিয়োগকৃত প্রায় ২৫-৩০ শতাংশ ওয়ার্কিং ক্যাপিটাল নিঃশেষ হয়ে গেছে। ১৫ থেকে ২০ লাখ মানুষ বেকার হয়ে পড়ার ঝুঁকিও তৈরি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত