হলিউড সিনেমা ‘গ্লাডিয়েটর’ মুক্তির বিশ বছর পূর্ণ হয়েছে সম্প্রতি। এ নিয়ে হলিউড রিপোর্টারের মুখোমুখি প্রযোজক ডগলাস উইক। সেখানে সিনেমাটির নানা প্রসঙ্গের পাশাপাশি এও জানান, কীভাবে পরিচালক রিডলি স্কট রাজি হন।
অস্কার-জয়ী উইকের মতে, এই ছবির জন্য স্কটের জন্ম। সিনেমাটি ২০০০ সালে ৫টি অস্কার জেতে। সেরা ছবির পুরস্কার তো ছিলই। রোমান স্বর্ণযুগের বিশ্বাসযোগ্য চিত্রায়ন ও গল্প বলার ঢঙ সবার পছন্দ হয়েছে। এ ছাড়া দৃশ্যায়নে কম্পিউটার গ্রাফিকসের জাদু দর্শকদের আবিষ্ট রাখে।
উইক জানান, একটু ভিন্নভাবেই পরিবেশক সংস্থা ড্রিমওয়ার্কসের নির্বাহী ওয়াল্টার এফ পার্কিকে নিয়ে রাজি করিয়েছিলেন রিডলি স্কটকে।
তারা ১৮ শতকের শেষ দিকের রোমান কলোসিয়ামের একটি ছবি স্কটকে উপহার দেন। ব্রিটিশ সাম্রাজের সঙ্গে তুলনামূলক আদর্শিক দৃষ্টিতেই চিত্রকর্মটি দেখেন স্কট। খুব সুন্দরভাবে আঁকা ছবিটির দিকে তাকিয়ে থাকেন অনেকক্ষণ, তারপর বলেন, “আমি ছবিটি করব।”
এ দিকে কয়েক বছর ধরে শোনা যাচ্ছে ‘গ্লাডিয়েটর’-এর সিক্যুয়েল হবে। কিন্তু উল্লেখযোগ্য অগ্রগতির খবর না পাওয়ার কারণে অনেকেই ধরে নিয়েছেন সিনেমাটি হচ্ছেন। তবে উইক জানান, ‘গ্লাডিয়েটর টু’ নিয়ে তারা খুবই আগ্রহী। কিন্তু মূল সিনেমার মতো আবেদনময় চিত্রনাট্য না হলে তারা এগোতে রাজি নন। আপাতত চিত্রনাট্যের অপেক্ষায় আছেন তারা।
২০০০ সালের ৫ মে যুক্তরাষ্ট্রে মুক্তি পায় ‘গ্লাডিয়েটর’। রাসেল ক্রো, হোয়াকিন ফনিক্স, কনি নেইলসেন, অলিভার রিড, ডেরেক জ্যাকোবি, রিচার্ড হ্যারিস অভিনীত সিনেমাটির বাজেট ছিল ১০ কোটি ডলারের চেয়ে কিছু বেশি। অন্যদিকে বক্স অফিস থেকে তুলে নেয় ৪৬ কোটি ডলারের বেশি।
