পুলিশ পরিচয়ে ছিনতাই করা আড়াই লাখ টাকা উদ্ধার, আটক ৬

আপডেট : ২০ জুন ২০২০, ০১:১৫ এএম

ঢাকার ধামরাইয়ে পুলিশ পরিচয়ে সন্তোষ সাহা নামে এক ব্যবসায়ীকে জিম্মি করে ৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ। এসময় আটককৃতদের কাছ থেকে ২ লাখ ৬২ হাজার টাকা উদ্ধার ও ছিনতাইকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আটককৃতরা হচ্ছেন- ব্যবসায়ী সন্তোষ সাহার ব্যক্তিগত পিকআপ চালক আকাশ মিয়া, কর্মচারী হাবিবুর রহমান, কোরবান আলী, শরিফ হোসেন, নুরুল ইসলাম ও গোলক সূত্রধর।

শুক্রবার ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা সাংবাদিকদের এ তথ্য জানান। বৃহস্পতিবার বিকেলে কালামপুর-সাটুরিয়া সড়কের জালসা বউ বাজার এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী সন্তোষ সাহা মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামের শৈলেন্দ্র কুমার সাহার ছেলে। তিনি সাটুরিয়া বাজারে দীর্ঘদিন ধরে জর্দা ও কয়েলসহ বিভিন্ন ধরনের মালামাল বিক্রি করেন।

থানা পুলিশ জানায়, ব্যবসায়ী সন্তোষ সাহা বৃহস্পতিবার বিকেলে সাভারে পাইকারী দরে জর্দা ও কয়েল বিক্রি করে সাত লাখ টাকা নিয়ে তার নিজস্ব পিকআপ ভ্যানে সাটুরিয়া ফিরছিলেন। পিকআপ ভ্যানটি কালামপুর-সাটুরিয়া সড়কের জালসা বউবাজার ব্রিজের কাছে পৌঁছালে একটি মাইক্রোবাস ও তিনটি মোটরসাইকেল তাদের ব্যারিকেড দেয়।

এসময় ছিনতাইকারীরা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ব্যবসায়ী সন্তোষ সাহাকে মাইক্রোবাসে তুলে নেয় এবং মোটরসাইকেলে থাকা ছিনতাইকারী পিকআপে থাকা ব্যবসায়ীর সাত লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে ব্যবসায়ী সন্তোষ সাহাকে জালসা বউবাজার থেকে দক্ষিণে বেলিশ্বর সড়কের পাশে ফেলে দিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এঘটনায় ধামরাই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, কর্মচারীদের পরিকল্পনায় ব্যবসায়ী সন্তোষ সাহার সাত লাখ টাকা ছিনতাই হয়। এঘটনায় তার পিকআপ চালক আকাশসহ ছয়জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনতাইয়ের দুই লাখ ৬২ হাজার টাকা ও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। অন্য আসামিদের আটকে অভিযান অব্যাহত আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত