শ্বাসকষ্ট নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া ফিলিপাইনের এক নাগরিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাতে মারা যাওয়া ওই ব্যক্তির নাম রুয়েল এসেরেল কাতান। তিনি বন্দরে সাইফ পাওয়া টেক কোম্পানিতে কর্মরত ছিলেন।
চট্টগ্রাম মেডিকেলের উপ-পরিচালক আফতাবুল ইসলাম জানিয়েছেন, রুয়েল ১৬ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন। তার নমুনা সংগ্রহ করে কভিড-১৯ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কিন্তু এখনো ফলাফল পাওয়া যায়নি।
ফিলিপাইন কনস্যুলেট জেনারেল অফিসের প্রধান কর্মকর্তা শেখ হাবিবুর রহমানের অভিযোগ, সাইফ পাওয়ার টেকের কাছে তারা অক্সিজেন পেতে সাহায্য চেয়েছিলেন। কিন্তু তারা ‘প্রত্যাখ্যান’ করেন।
‘আমরা তাকে প্রাইভেট হাসপাতালে নিতে চেয়েছিলাম। কিন্তু সিট পাওয়া যায়নি। হলি ক্রিসেন্ট হাসপাতালে একটা কেবিন থাকলেও অক্সিজেনের নিশ্চয়তা ছিল না। আমরা সাইফ পাওয়ার টেক কর্মকর্তাদের কাছে অক্সিজেন সরবরাহের সাহায্য চেয়েছিলাম। কিন্তু তারা প্রত্যাখ্যান করেন।’
হাবিবুর রহমান জানান, পরে রাত সাড়ে দশটার দিকে সিএমসিএইচেই তিনি মারা যান।
