সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে নীরবে দেশে ফিরলেন অ্যান্ড্রু কিশোর

আপডেট : ২০ জুন ২০২০, ০৫:০৫ পিএম

দীর্ঘদিন সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী অ্যান্ড্রু কিশোর। জানা যায়, ১১ জুন রাত আড়াইটার দিকে সিঙ্গাপুর থেকে একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান। কিন্তু ঢাকায় ফেরার বিষয়টি গোপন রাখেন এই কণ্ঠশিল্পী। এমনকি তার পরিবারের সদস্যরাও বিষয়টি কাউকে জানাননি। অ্যান্ড্রু কিশোরের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন মূলত বিশ্রাম নেওয়ার স্বার্থেই দেশে ফেরার তথ্যটি গোপন রাখেন অ্যান্ড্রু কিশোর।

অ্যান্ড্রু কিশোরের ঘনিষ্ঠজনরা আরও জানিয়েছেন, অ্যান্ড্রু কিশোরের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তবে এখনো তিনি বেশ দুর্বল। আর করোনার এই সময়ে নীরবেই বিশ্রাম নিতে চান শিল্পী। কোলাহলমুক্ত থাকতে ডাক্তারের কড়া নির্দেশ আছে। তাই সেগুলো মেনে চলতে হচ্ছে এই শিল্পীকে।

উল্লেখ্য, কিডনি ও হরমোনজনিত সমস্যার কারণে উন্নত চিকিৎসা নিতে গত বছর ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে যান অ্যান্ড্রু কিশোর। পরে তার শরীরে ক্যানসার কোষের উপস্থিতি পাওয়া যায়। বিভিন্ন ধাপে মোট ২৪টি কেমোথেরাপি দেওয়া হয় তাকে। ব্যয়বহুল এই চিকিৎসার খরচ জোগাতে এরই মধ্যে বিক্রি করেছেন তার রাজশাহী শহরে কেনা ফ্ল্যাটটি। তার চিকিৎসা সহায়তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিল্পীর পরিবারের পাশাপাশি সংগীতশিল্পী, মিডিয়া ব্যক্তিত্ব, বেশ কিছু প্রতিষ্ঠান এবং প্রবাসীরা এগিয়ে এসেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত