লাতিন আমেরিকা-ক্যারিবীয় অঞ্চলে আক্রান্ত ২০ লাখ ছাড়াল

আপডেট : ২১ জুন ২০২০, ০৮:৩৩ এএম

বেশ আগে থেকেই করোনাভাইরাসের নতুন এপিসেন্টার লাতিন আমেরিকা। আক্রান্ত বাড়ছে পার্শ্ববর্তী ক্যারিবীয় অঞ্চলেও। অঞ্চল দুটিতে মোট আক্রান্ত এরই মধ্যে ২০ লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছে এএফপি।

করোনাভাইরাস নিয়ে নিজেদের তথ্য-উপাত্ত তুলে ধরে শুক্রবার ফরাসি বার্তা সংস্থাটি জানিয়েছে, এদিন লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে মোট আক্রান্ত দাঁড়ায় ২০ লাখ ৭ হাজার ৬২১ জন।

পরিস্থিতি সবচেয়ে খারাপ লাতিন আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিলে। অঞ্চল দুটির মোট আক্রান্তের অর্ধেকই এই দেশটিতে। এরই মধ্যে ১০ লাখ ছাড়িয়েছে। আক্রান্তের বৈশ্বিক তালিকায় তাদের অবস্থান শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পরেই।

মৃত্যুতেও লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে শীর্ষে ব্রাজিল, ৫০ হাজার ছাড়াল বলে। এতে বৈশ্বিক তালিকায়ও শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পরেই স্থান দেশটির।

করোনাভাইরাস পরিস্থিতিতে ব্রাজিলের পরেই ভয়াবহ অবস্থায় রয়েছে মেক্সিকো। দেশটিতে আক্রান্ত এরই মধ্যে ১ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে। আর মৃত্যু ছাড়িয়েছে ২০ হাজার।

চিলির অবস্থাও ভালো নেই। লাতিন আমেরিকার দেশটিতে আক্রান্ত এরই মধ্যে ২ লাখ ৩৬ হাজার ছাড়িয়েছে। আর মৃত্যু দাঁড়িয়েছে ৭ হাজার।

আয়তনে তুলনামূলক ছোট দেশ হলেও করোনাভাইরাসে পর্যুদস্ত হয়ে পড়েছে পেরু। দেশটিতে আক্রান্ত এরই মধ্যে আড়াই লাখ ছাড়িয়ে গেছে। মৃত্যু ৭ হাজার ৮৬১ জন।

এদিকে, বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯০ লাখ ছুঁইছুঁই করছে। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ ৬৬ হাজার। সুস্থ্য মানুষের সংখ্যা ৪৭ লাখ ৪৮ হাজার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত