আইসিসিকে বর্ণবাদবিরোধী কোর্স চালুর আহ্বান সামির

আপডেট : ২২ জুন ২০২০, ০১:৫২ পিএম

ডোপের বিরুদ্ধে তরুণ খেলোয়াড়দের যেভাবে সচেতন  করা হয়, ঠিক সেভাবে বিশেষ স্তরের ক্রিকেটারদের বর্ণবাদের বিরুদ্ধে শিক্ষা দেয়া উচিত বলে মনে করেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ড্যারেন সামি।

আইসিসির ভার্চুয়াল সাক্ষাৎকারে অংশ নিয়ে রবিবার সামি বলেন, ‘পদ্ধতিগত স্তরে শিক্ষার প্রয়োজন রয়েছে। যেভাবে ডোপ এবং দুর্নীতির বিরুদ্ধে গুরুত্ব দেয়া হয়, সেভাবে বর্ণবাদের নেতিবাচক দিক সম্পর্কে তরুণ ক্রিকেটারদের জানানো উচিত।

চলতি মাসের শুরুতে ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তোলেন সামি। তিনি জানান, কয়েক জন ক্রিকেটার তাকে ‘কালু’ বলে ডাকতেন।

পরে সামি বলেন, ‘হায়দ্রাবাদের ওই সতীর্থ আমাকে ফোন করেছিল। ও আমাকে বুঝিয়ে বলেছে ভালোবেসে আমাকে কালু বলে ডাকত। ও ইচ্ছাকৃতভাবে বর্ণভেদ করতে চায়নি। আমারই হয়তো কোথাও বুঝতে ভুল হয়েছিল। তাই ক্ষমা চাওয়ার আর কোনও প্রয়োজন নেই। তবে বর্ণবিদ্বেষের শিকার হলে যে কারও প্রতিবাদ করা উচিত।’

আমেরিকায় শ্বেতাঙ্গ পুলিশদের হাতে জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি খুন হওয়ার পর দেশে দেশে বর্ণবাদবিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে। সামির মতো অনেক খেলোয়াড়ই এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত