করোনা যুদ্ধে জয়ী হয়ে ৬৬ বছর বয়সী মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু অফিস করা শুরু করেছেন। মঙ্গলবার সকাল থেকে তিনি তার অফিসে স্বাভাবিক কাজকর্ম করেন।
করোনা সংক্রমণ দেখা দেওয়ার পর প্রথম থেকেই মীর এনায়েত হোসেন মন্টু কর্মহীনদের সহায়তাসহ উপজেলা পরিষদেও কাজকর্ম স্বাভাবিক গতিতে চালিয়ে যান।
গত ৩১ মে তিনি তার পরিবারের সদস্যরা ইচ্ছাকৃতভাবে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেন। ৬ জুন কোনো উপসর্গ ছাড়াই তার করোনা শনাক্ত হয়। এসময় শক্ত মনোবল এবং সাহস নিয়ে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নেওয়া শুরু করেন।
আইসোলেশনে থাকা অবস্থায় পরপর দুইটি পরীক্ষায় নেগেটিব আসলে তাকে করোনা মুক্ত ঘোষণা করে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।
মঙ্গলবার সকালে তিনি উপজেলা পরিষদ কার্যালয়ে এসে পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক, সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়র হোসেন, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।
