আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল মঙ্গলবার বিভাগীয় শহর, জেলা, উপজেলা, দলীয় বিভিন্ন অঙ্গ সংগঠন পালন করেছে। তবে মহামারী করোনাভাইরাসের কারণে ক্ষমতাসীন দলটি অনুষ্ঠানমালা জাঁকজমকপূর্ণ করতে পারেনি। কোথাও কোথাও চেষ্টা করা হয়েছে স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মসূচি পালন করার। ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
সিলেট : সীমিত পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা। সকালে একে একে জেলা ও মহানগর আওয়ামী লীগ, মহিলা লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা ফুল দিয়ে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
নরসিংদী : মনোহরদীতে যথাযথ মর্যাদায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে সকালে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপির পক্ষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা ও মহামারী করোনাভাইরাস থেকে দেশবাসীর মুক্তি পেতে মোনাজাত করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া : সকাল ৭ টায় জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের হালদারপাড়ার দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আল মামুন সরকার জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
জামালপুর : সকালে শহরের বকুলতলায় দলীয় কার্যালয় প্রাঙ্গণে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরীসহ স্থানীয় নেতারা। পতাকা উত্তোলন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।
ফরিদপুর : সকাল সাড়ে ৯ ফরিদপুর শহরের থানা মোড় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনায় ১মিনিট নীরবতা পালন করা হয়। এসময় বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন।
হাকিমপুর (দিনাজপুর) : হিলিতে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব নিশ্চিতের মাধ্যমে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে হাকিমপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে সকাল ৮টায় বাংলাহিলি বাজারের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভসূচনা করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
নীলফামারী : নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজন করে যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠান। দুপুরে বিয়ে হয় জেলা সদরের কচুকাটা ইউনিয়নের দক্ষিণ দোনদরী গ্রামের মোখলেছার রহমানের ছেলে মিনারুল ইসলামের (২৫) সঙ্গে একই গ্রামের দুলাল হোসেনের মেয়ে আশা মণির (২০)।
ওই বিয়েতে বর ও কনের বিয়ের নতুন কাপড় কেনার দায়িত্ব নেন কচুকাটা ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এছাড়াও রংপুর নগরী ও মানিকগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
