দশ বছর আগে আন্তর্জাতিক রুটে এইচআরসি শিপিং কোম্পানির কন্টেইনার জাহাজ চলাচল বন্ধের মধ্য দিয়ে থেমে গিয়েছিল আন্তর্জাতিক সমুদ্রে বাংলাদেশি পতাকাবাহী জাহাজের কন্টেইনার পরিবহন। জাহাজ ‘সারেরা’র সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রার মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার আবার শুরু হয়েছে লাল-সবুজ পতাকাবাহী জাহাজের কন্টেইনার পরিবহন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের টার্মিনাল ম্যানেজার কুদরাত ই খুদা জানান, ১ হাজার ২৬১ টিইইউস কন্টেইনার নিয়ে বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ছেড়েছে ‘সারেরা’। জাহাজটি সরাসরি সিঙ্গাপুর যাবে। সেখান থেকে পোর্ট কেলাং হয়ে কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে আসবে জাহাজটি। চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, সারেরা জাহাজটি গত রবিবার এনসিটি-৪ জেটিতে নোঙর করে। সেখানে ৮৪০ টিইইউস রপ্তানি পণ্য ভর্তি ও ৪৫৭ টিইইউস খালি কন্টেইনার লোড করার পর মঙ্গলবার সকালের জোয়ারে চট্টগ্রাম-সিঙ্গাপুর-পোার্ট কেলাং রুটে যাত্রা করে। এর মধ্য দিয়ে প্রায় এক দশক পর আবারও সমুদ্রপথে বাংলাদেশি পতাকাবাহী কন্টেইনার জাহাজের যাত্রা শুরু হলো।
×
