ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ট্রাক ও শ্যালো ইঞ্জিনচালিত থ্রিহুইলারের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ৮টার দিকে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের কালমেঘ ইটভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বালিয়াডাঙ্গীর দোগাছি গ্রামের বানু বেগম (৪৫), দুওসুও সুপারিপাড়া গ্রামের সাদেকুল ইসলাম (৩০), লালাপুর গ্রামের শহিদুল ইসলাম (৪৫) ও নওগাঁর ধামইরহাট উপজেলার ইয়াকুব আলী (৫৫)। তারা সবাই থ্রিহুইলারের যাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা যাত্রীবাহী থ্রিহুইলারটি বালিয়াডাঙ্গীর দিকে যাচ্ছিল। পথে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের কালমেঘ ইটভাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে থ্রি-হুইলারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই থ্রি-হুইলারের যাত্রী বানু বেগম ও ইয়াকুবের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় শহিদুল ও সাদেকুলকে হাসপাতালে নেওয়ার পথে সাদেকুল মারা যান। আর বুধবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থ্রি-হুইলারচালক শহিদুলের মৃত্যু হয়।
বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল ইসলাম প্রধান জানান, ট্রাকটি জব্দ করা হলেও চালককে আটক করা সম্ভব হয়নি।
এদিকে গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার দুপুর পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ আটজন নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকার যাত্রাবাড়ীতে গাড়িচাপায় এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ছাড়া সিরাজগঞ্জে মালবাহী দুটি ট্রাকের সংঘর্ষে দুই শ্রমিক, বাগেরহাটে ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক, টাঙ্গাইলে বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারী ও চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। বিস্তারিত নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরে :
ঢাকা : যাত্রাবাড়ীর রায়েরবাগে গাড়িচাপায় শাহ আলম (৩৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আউটগোয়িং রোডে এ দুর্ঘটনা ঘটে। শাহ আলম মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলাই গ্রামের আহমেদ গাজীর ছেলে। শনির আখড়ার একটি বাসায় ভাড়া থাকতেন তিনি। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে যাত্রাবাড়ী থানার এসআই সুব্রত বিশ্বাস জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে এসএ গ্রুপের দক্ষিণ পাশ দিয়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন শাহ আলম। এ সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জ : উল্লাপাড়ায় মালবাহী দুটি ট্রাকের সংঘর্ষে কায়সার (২০) ও ছানোয়ার হোসেন (১৯) নামে দুই শ্রমিক নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কের পাঁচলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনই সলঙ্গা থানার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি নুরন্নবী প্রধান জানান, বুধবার সকালে পাঁচলিয়া এলাকায় একটি চলন্ত পাথরবাহী ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় ইটবাহী অন্য একটি ট্রাক। এতে ইটবাহী ট্রাকে থাকা দুই শ্রমিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বাগেরহাট : সদর উপজেলায় ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শেখ ইব্রাহিম নামে (৪৫) এক যুবক নিহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের শ্রীঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইব্রাহিম ওই গ্রামের শেখ সাদেক আলীর ছেলে। বাগেরহাট মডেল থানার এসআই চন্দ্র শেখর রায় জানান, বুধবার সকালে মোটরসাইকেলে করে বাড়ি থেকে বাগেরহাট শহরে যাচ্ছিলেন ইব্রাহিম। পথে শ্রীঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মৃত্যু হয় তার।
টাঙ্গাইল : কালিহাতীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। বুধবার দুপুর দেড়টার দিকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ধনবাড়ি উপজেলার গোবিন্দচর গ্রামের মরিয়ম আক্তর মুন্নি (২০) ও উমেছা বেগম (৬০)। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামাল হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বিনিময় পরিবহনের একটি বাস টাঙ্গাইল যাচ্ছিল। এলেঙ্গা রিসোর্টের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির আরোহী দুই নারীর মৃত্যু হয়। এ ঘটনায় সিএনজির চালক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্রগ্রাম : সীতাকু-ে মোটরসাইকেল দুর্ঘটনায় বরকত উল্লাহ খান (৩২) ও রাকিব উল্লাহ (৩৫) নামে দুই যুবক নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার সিরাজ ভূঁইয়া রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনই পাহাড়তলীর পাঞ্জাবি লেনের বাসিন্দা। কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আবদুর রাজ্জাক জানান, বরকত উল্লাহকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন রাকিব উল্লাহ। পথে সিরাজ ভূঁইয়া রাস্তার মাথায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে বরকত উল্লাহর ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত অবস্থায় রাকিব উল্লাহকে হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মৃত্যু হয় তার।
