ঋণখেলাপিরা যেন প্রণোদনা না পায় : এফবিসিসিআই

আপডেট : ২৫ জুন ২০২০, ০৭:৫০ এএম

বৈশ্বিক এই মহামারীর সময়ে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র, মাঝারি ও নতুন উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর জন্য সরকার যে প্রণোদন প্যাকেজ ঘোষণা করেছে, তা বাস্তবায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। তবে, ঋণখেলাপিদের এই প্রণোদনা প্যাকেজ গ্রহণে সহায়তা করবে না এফবিসিসিআই। গতকাল নরসিংদী জেলার সব ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এনসিসিআই)। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এফবিসিসিআইর সভাপতি শেখ ফজলে ফাহিম এসব কথা বলেন।

শেখ ফজলে ফাহিম বলেন, ‘দেশের যেসব ক্ষুদ্র, মাঝারি ও নতুন উদ্যোক্তাদের ব্যাংকের সঙ্গে কোনো সম্পর্ক নেই, সেসব ব্যবসায়ীকে এই প্রণোদনা পেতে আমরা সহযোগিতা করছি। আমরা চাই দেশের যেসব অস্বীকৃত ব্যবসায়ী রয়েছেন, তাদের স্বীকৃতভাবে ব্যবসার সঙ্গে সংযুক্ত করতে। এতে দেশের অর্থনৈতিক দিকও শক্তিশালী হবে। তবে আমরা কখনোই চাই না এই প্রণোদনা বাস্তবায়ন করতে ব্যাংকরা কোনো সমস্যায় পড়–ক। কারণ আমাদের বড় একটি স্টকহোল্ডার হচ্ছে ব্যাংক খাত। এ ছাড়া দেশে যেসব ঋণখেলাপি ব্যবসায়ী রয়েছেন, তারা যেন কোনো ধরনের লোন সুবিধা না পান, সে ব্যাপারে আমরা সব সময় কাজ করে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘দেশের প্রকৃত ব্যবসায়ীরা এই প্রণোদনা প্যাকেজ গ্রহণ করুক। তার জন্য আমাদের সব জেলার চেম্বার অব কমার্সের সদস্যরা ব্যাংকারদের সহযোগিতা করে যাবেন। তা ছাড়া প্রতিটি ওয়ার্ডে গিয়ে চেম্বার অব কমার্সের সদস্যরা ব্যবসায়ীদের বিষয়ে খোঁজখবর নেবেন এবং সিএমএসই খাতের ব্যবসায়ীদের সব ধরনের সমস্যা সমাধানে কাজ করবে। মানুষকে বেঁচে থাকার জন্য হলেও দেশের এই সময়ে আপনারা সিএমএসই খাতের ব্যবসায়ীদের প্রণোদনা পেতে এগিয়ে আসুন। প্রণোদনা প্রদানের ক্ষেত্রে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আমাদের চেম্বার অব কমার্সের কর্মীদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা সেই বিষয়গুলো নিয়ে বাংলাদেশ ব্যাংক এবং সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলব।’

নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এনসিসিআই) সভাপতি আলী হোসেন শিশিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইর সহসভাপতি রেজাউল করিম রেজনু, বাবু প্রবীর সাহা এবং নরসিংদী জেলার ৩৪টি ব্যাংকের কর্মকর্তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত