লালমনিরহাটে সরকারি ওষুধসহ দম্পতি গ্রেপ্তার

আপডেট : ২৫ জুন ২০২০, ০৮:০৩ এএম

লালমনিরহাটে বিপুল পরিমাণে সরকারি ওষুধ ও মেডিকেল সরঞ্জামাদি উদ্ধার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ। গত মঙ্গলবার বিকেলে লালমনিরহাট শহরের ড্রাইভারপাড়ার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে পুলিশ এসব সরকারি ওষুধ ও মেডিকেল সরঞ্জামাদি উদ্ধার করে। এ সময় ওই বাসার মালিক আবদুর রাজ্জাক রেজা ও তার স্ত্রী নিলুফার ইয়াসমিনকে গ্রেপ্তার করা হয়। সরকারি ওষুধ উদ্ধারের ঘটনায় হাসপাতালের তিন স্টোরকিপারসহ ছয়জনকে আসামি করে পুলিশ একটি মামলা করেছে।

লালমনিরহাট সদর থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে মামলাটি করেছেন গতকাল বুধবার। মামলার আসামিরা হলেন আবদুর রাজ্জাক ওরফে রেজা মিয়া, তার স্ত্রী নিলুফা ইয়াসমিন, আবদুর রাজ্জাকের ভাই হামিদুর রহমান দুলু, সিভিল সার্জন অফিসের স্টোরকিপার মোয়াজ্জেম হোসেন মুরাদ, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের স্টোরকিপার জাকারিয়া ও আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের স্টোরকিপার মাহাবুবুর রহমান।

গ্রেপ্তার দম্পতি আবদুর রাজ্জাক ওরফে রেজা মিয়া গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ধুমাইটারী এলাকার মমতাজ উদ্দিনের ছেলে ও নিলুফা ইয়াসমিন লালমনিরহাট সদর উপজেলার খোঁচাবাড়ী এলাকার হাবিবুর রহমানের মেয়ে।

অভিযান পরিচালনাকারী ও মামলার বাদী লালমনিরহাট সদর থানার এসআই মিজানুর রহমান জানান, উদ্ধার হওয়া মেডিকেল সরঞ্জামাদির মধ্যে ১৭৫টি ওজন মাপার মেশিন, ডায়াবেটিকস চেকআপ মেশিন, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, প্রেশার মাপার মেশিন রয়েছে। এছাড়া ১৭ কার্টন ওষুধ জব্দ করা হয়।

গ্রেপ্তার আবদুর রাজ্জাক ওরফে রেজা মিয়ার বলেন, পাঁচ-ছয় বছর ধরে তিনি সরকারি ওষুধ ক্রয় করে রংপুর অঞ্চলের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও প্রতিষ্ঠানে সরবরাহ করে আসছেন।

লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম বলেন, সিন্ডিকেটের অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত