কাতার ফুটবল বিশ্বকাপের নির্মাণকাজে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম কোনো মৃত্যুর ঘটনা ঘটেছে। কভিড-১৯ আক্রান্ত হয়ে নির্মাণকাজে জড়িত একজন প্রকৌশলীর মৃত্যু হয়েছে বলে বৃহস্পতিবার কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে এএফপি।
২০২২ বিশ্বকাপ আয়োজক কমিটির ঘনিষ্ঠ একটি সূত্র ফরাসি এই বার্তা সংস্থাটিতে জানিয়েছে, নির্মাণকাজে যুক্ত শ্রমিকদের মধ্যে ১ হাজার ১০২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের বেশির ভাগই সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে আক্রান্ত আছেন ১২১ জন।
বৃহস্পতিবার কাতারের বিশ্বকাপ আয়োজক কমিটি এক বিবৃতিতে জানায়, দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, ১১ জুন ৫১ বছর বয়সী একজন বিশেষজ্ঞ প্রকৌশলী কভিড-১৯ এ সংক্রমিত হয়ে মারা গেছেন।
“তিনি ডেলিভারি ও লিগ্যাসি প্রকল্পের সুপ্রিম কমিটিতে ২০১৯ সাল থেকে কাজ করছিলেন। তার কোনো ধরনের শারীরিক জটিলতা ছিল না। তার পরিবার ও বন্ধু-বান্ধবদের প্রতি আমরা গভীর শোক জানাচ্ছি।”
তবে মৃত প্রকৌশলীর নাম, পরিচয় ও কোন দেশের নাগরিক তার কিছুই প্রকাশ করা হয়নি বিবৃতিতে।
এর আগে ১৫ এপ্রিল বিশ্বকাপ নির্মাণকাজে জড়িত শ্রমিকদের মধ্যে প্রথম করোনাভাইরাস শনাক্তের খবর জানায় আয়োজক কমিটি।
নমুনা পরীক্ষার বিবেচনায় করোনাভাইরাস শনাক্তের দিক থেকে কাতার বিশ্বের অন্যতম। প্রায় ২৭ লাখ জনসংখ্যার দেশটিতে শনাক্তের হার ৩.৩ শতাংশ। তবে কাতারে আক্রান্তের অনেকেই সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে আক্রান্তের সংখ্যা আছে ১৭ হাজার ৫৯১ জন। মৃত্যু হয়েছে ১০৪ জনের।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেও বিশ্বকাপের প্রস্তুতি কাজ চালিয়ে যাচ্ছে কাতার। তবে বিধিনিষেধ মেনে চলে চলার কারণে কাজের অগ্রগতিতে কিছুটা ভাটা পড়েছে। এখন পর্যন্ত নির্মাণকাজের ৮০ শতাংশের বেশি শেষ হয়নি বলে জানিয়েছে আয়োজকেরা।
