করোনাভাইরাস পরীক্ষার ফল না পাওয়ায় চট্টগ্রামের আনোয়ারায় জনমনে সংশয় তৈরি হয়েছে। ২০ দিনেও এ উপজেলার ৬৪ জনের করোনা পরীক্ষার ফল পাওয়া যায়নি।
জানা গেছে, ৭ ও ৮ জুন উপজেলার সন্দেহভাজন ৬৪ জনের নমুনা সংগ্রহ করে ফৌজদারহাট বিআইটিআইডির ল্যাবে পাঠানো হয়। সেখানে নমুনার জট হওয়ায় কর্তৃপক্ষ এসব নমুনা ঢাকার ল্যাবে পাঠিয়ে দেয়। কিন্তু গত ২০ দিনেও এসব পরীক্ষার ফল হাতে পায়নি উপজেলা স্বাস্থ্য বিভাগ।
তবে এর পরের রিপোর্টগুলো সঠিক সময়ে পাওয়া গেছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবু জাহিদ মোহাম্মদ সাইফউদ্দিন।
আর ওই ৬৪ জনের রিপোর্ট না পাওয়ায় পরিস্থিতি অনুযায়ী দ্রুত স্বাস্থ্যসেবা ও প্রশাসনিক পদক্ষেপ নিতে পারছে না স্বাস্থ্য বিভাগ। ফলে উপজেলায় করোনার বিস্তারের শঙ্কা দেখা দিয়েছে।
সংশ্লিষ্টরা জানান, নমুনা সংগ্রহের ২৪ ঘণ্টার মধ্যে সন্দেহভাজনদের করোনা পরীক্ষার ফল দেওয়ার কথা। কিন্তু বাস্তবে ২৪ ঘণ্টার বদলে ২০ দিনেও রিপোর্ট না আসায় রোগীদের ক্ষোভের সঞ্চার হয়েছে।
তারা জানান, এদিকে উপজেলায় করোনাভাইরাসের নমুনা পরীক্ষার সংখ্যা কয়েকগুন বেড়ে গেছে। তার ওপর অনেকেরই নেই উপসর্গ। যার কারণে কে করোনা রোগী আর কে সুস্থ তা টেস্ট ছাড়া ধারণা করাও কঠিন। নমুনার ফলাফল না আসায় তাই উদ্বিগ্ন সাধারণ মানুষ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাহিদ মোহাম্মদ সাইফউদ্দিন শুক্রবার দেশ রূপান্তরকে বলেন, হাসপাতালে উপজেলার বাইরে থেকেও নমুনা দেওয়ার জন্য আসে। গত ৭ ও ৮ জুন উপজেলার সন্দেহভাজন ৬৪ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হলেও রিপোর্ট এখনো পায়নি। উপজেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ৯৬ জন। তার মধ্যে মারা গেছেন একজন ও সুস্থ হয়েছেন ৩৩ জন।
