শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে করোনা রোগী ভর্তি শুরু

আপডেট : ২৭ জুন ২০২০, ০৮:৩২ পিএম

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্বল্প পরিসরে করোনা আক্রান্ত রোগীদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার রাত থেকে ইনস্টিটিউটটির ৮ ও ৯ তলায় দুটি ওয়ার্ডে রোগী ভর্তি শুরু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইনস্টিটিউটটিতে করোনা রোগীদের চিকিৎসা দিতে আমাদের ডাক্তার, নার্সসহ স্টাফরা প্রস্তুত আছে। মূলত ঢাকা মেডিকেলের অধীনেই এখানে করোনা রোগীদের ভর্তি করে চিকিৎসা দেওয়া হবে। ওয়ার্ড ও কেবিনসহ আনুমানিক এক শ কভিড রোগীকে প্রথম পর্যায়ে ভর্তি করে চিকিৎসা দেওয়া হবে। ভর্তির সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পাবে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন জানান, রাজধানীতে দগ্ধ রোগীদের একমাত্র ভরসা এই বার্ন ইনস্টিটিউট। ৮ তলার ৮০২ নম্বর ওয়ার্ড ও ৯ তলার ৯০২ নম্বর ওয়ার্ডেই শুধু করোনা রোগীর চিকিৎসা হবে। বাকি ওয়ার্ডগুলোতে আগের মতোই দগ্ধ রোগীদের চিকিৎসা দেওয়া যাবে। সম্পূর্ণ পৃথক ভাবে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত