বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি করোনামুক্ত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে হাসপাতাল ছেড়ে বাসায় ফিরেছেন বলে জানিয়েছেন তার সহকারী একান্ত সচিব মো. রফিকুল ইসলাম।
বাণিজ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা কামরুজ্জামান চৌধুরী তুহিন জানিয়েছেন, গতকাল শনিবার দুপুরে হাসপাতাল ছেড়ে ঢাকার নিজ বাসায় ফিরে যান তিনি। ভর্তির পর থেকেই চিকিৎসকরা প্রতিনিয়ত তার চিকিৎসা দিয়েছেন। এর মধ্যে আরও কয়েকবার করোনা টেস্ট করিয়েছেন, প্রতিবারই রেজাল্ট নেগেটিভ এসেছে। তবে ডাক্তারদের পরামর্শে আরও ১৫ দিন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আইসোলেশনে থাকবেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে গত ১৭ জুন সন্ধ্যায় এভারকেয়ার (সাবেক অ্যাপেলো) হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি নিজেই করোনায় আক্রান্ত হওয়ার সংবাদটি সংশ্লিষ্টদের জানিয়ে সবার দোয়া চেয়েছিলেন।
