ঢাকা শহরের সব খাল সংস্কার করে পর্যায়ক্রমে হাতিরঝিলের আদলে এনে দৃষ্টিনন্দন করার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, ‘ঢাকা ও এর আশপাশের বিভিন্ন নদ-নদী দখলমুক্ত করে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে একটি মহাপরিকল্পনাও তৈরি করা হয়েছে।’
গতকাল শনিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ‘হজ ক্যাম্প থেকে বনরূপা হাউজিং’ পর্যন্ত খনন করা খালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী ঢাকা ও এর আশপাশের বুড়িগঙ্গা, তুরাগসহ বিভিন্ন নদ-নদী দখলমুক্ত করে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে একটি মহাপরিকল্পনাও তৈরি করা হয়েছে। এছাড়া ঢাকা শহরে যেসব খাল রয়েছে সেগুলো সংস্কার করে হাতিরঝিলের মতো অত্যন্ত দৃষ্টিনন্দন করে গড়ে তুলতে কাজ করছে সরকার।’
