এসএমই উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেওয়ার আহ্বান

আগামী অর্থবছর ৩২ জেলায় হবে এসএমই পণ্যমেলা

আপডেট : ২৮ জুন ২০২০, ০৭:৩৪ এএম

করোনা পরিস্থিতিতে স্থবির হওয়া অর্থনীতি পুুনরুদ্ধারের স্বার্থে ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তাদের (এসএমই) প্রণোদনা ও সহজ শর্তে ঋণ দেওয়ার আহ্বান জানিয়েছেন এসএমই ফাউন্ডেশনের পর্ষদ সদস্য ও উদ্যোক্তারা। গতকাল শনিবার প্রতিষ্ঠানের বার্ষিক সাধারণ সভায় এ আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম জানান, করোনা দুর্যোগে এসএমই উদ্যোক্তাদের সহায়তা করতে অনলাইনভিত্তিক কর্মসূচি বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। তিনি আরও জানান, ২০১৮-১৯ অর্থবছরে পণ্য বিপণন, দক্ষতা উন্নয়ন এবং দেশে ও বিদেশে উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ সংক্রান্ত এসএমই ফাউন্ডেশনের নানামুখী কার্যক্রমের সুবিধা পেয়েছেন ১০ হাজার ৪৯৮ জন উদ্যোক্তা। এর মধ্যে নারী উদ্যোক্তার হার বেশি। করোনা পরিস্থিতিতে অনলাইন প্ল্যাটফর্ম ‘জুম’-এ অনুষ্ঠিত এ সভায় এসএমই ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদ এবং সাধারণ পরিষদের সদস্যরা অংশগ্রহণ করেন।  এ সময় জানানো হয়, ২০১৯ সালে ৭ম জাতীয় এসএমই পণ্যমেলায় ৫ কোটি ৭ লাখ টাকার পণ্য বিক্রয় ও ৯ কোটি ৬ লাখ টাকার বিভিন্ন পণ্যের অর্ডার পান অংশগ্রহণকারী এসএমই উদ্যোক্তারা। এছাড়া ২০১৮-১৯ অর্থবছরে দেশের ৮টি বিভাগের ২৩টি জেলায় এসএমই ফাউন্ডেশন আয়োজিত আঞ্চলিক এসএমই পণ্যমেলায় মোট ৯ কোটি ১৬ লাখ টাকার পণ্য বিক্রি করে এবং ৬ কোটি ৪৪ লাখ টাকার বিভিন্ন পণ্যের ক্রয়াদেশ পায়।  সেই ধারাবাহিকতায় গত ২০১৯-২০ অর্থবছরে দেশের ২৮টি জেলায় আঞ্চলিক এসএমই পণ্যমেলা করা হয় এবং আগামী ২০২০-২১ অর্থবছরে দেশের ৩২টি জেলায় এসএমই পণ্যমেলার আয়োজনের পরিকল্পনা করছে এসএমই ফাউন্ডেশন। সভায় সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সালাহউদ্দিন মাহমুদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত