ওয়ারিতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

আপডেট : ২৮ জুন ২০২০, ১০:২৭ পিএম

রাজধানীর ওয়ারিতে রেশমা (২০) নামে এক গৃহবধূকে স্বামী শ্বাসরোধে হত্যা করেছে বলে অভিযোগ করেছে তার পরিবার।

রবিবার দুপুরে ময়নাতদন্তের জন্য রেশমার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতে স্বামী রবিনকে গ্রেপ্তার করেছে ওয়ারি থানা পুলিশ।

রেশমা মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বড় ফুলকচি গ্রামের মনু হাওলাদারের মেয়ে। সে স্বামী রবিন হোসেনের সাথে ৯ মাসের সন্তানসহ ওয়ারি গোয়ালঘাট লেনের ৫৮ নম্বর বাসার ৬ষ্ঠ তলায় ভাড়া থাকত।

রেশমার বাবা মনু হাওলাদার জানান, আড়াই বছর আগে প্রেমের সম্পর্কে তারা বিয়ে করে। কয়েকদিন আগে বাবার বাড়ি থেকে ঘুরে আবার ঢাকায় আসে। গত শনিবার রেশমা আমাকে ফোন দিয়ে জানায় তার স্বামী রবিন পারিবারিক কলহের জের ধরে তাকে মারধর করছে। এরপর ওই দিন রাত দেড়টা থেকে ২টার মধ্যে রবিন তাকে শ্বাসরোধে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে।

হত্যার সময় রেশমার ডাক চিৎকার পাশের বাসার ভাড়াটিয়ারাও শুনতে পারে। ভাড়াটিয়ারা ডাকাডাকি করলে এক পর্যায়ে রবিন দরজা খুলে দেয়। তারা রেশমাকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢামেক মর্গে পাঠায়।

ওয়ারি থানার উপ পরিদর্শক (এসআই) রঞ্জিত সরকার জানান, মেয়ের বাবা আমাদের কাছে একটি অভিযোগ করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। অভিযুক্ত স্বামী রবিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের স্বামী স্ত্রীদের মধ্যে প্রায়শই ঝগড়া বাঁধত বলে জানতে পেরেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত