রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলের টিউশন ফি অর্ধেক কমানোর দাবি করেছে অভিভাবকদের।
রবিবার সকালে স্কুলের সামনে আয়োজিত এক সমাবেশ থেকে এ দাবি জানায় তারা। অর্ধেক টিউশন ফি কিস্তিতে পরিশোধের দাবিও জানায় অভিভাবকদের নিয়ে গঠিত ফোরাম।
অভিভাবকরা বলেন, করোনার এই সময়ে তাদের অনেকেরই আয় কমে গেছে। অনেকের জন্য পুরো টিউশন ফি দেয়া কষ্টসাধ্য। তাই করোনাকালে যাতে টিউশন ফি অর্ধেক নেওয়া হয় সেই দাবি জানাচ্ছেন তারা।
স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে সমাবেশে অংশ নেন অভিভাবকরা। টিউশন ফি কমানো ছাড়াও বেশ কয়েকটি দাবি উত্থাপন করা হয় সমাবেশ থেকে।
এসব দাবির মধ্যে রয়েছে- করোনা সময়ে স্কুল বন্ধ থাকাকালীন টিউশন ফি শতকরা ৫০ভাগ ছাড়। সমস্যাকে দীর্ঘায়িত করে, বকেয়া টিউশন ফি কে কেন্দ্র করে রিপোর্ট কার্ড, নতুন ক্লাসে উত্তরণ নিয়ে কোন অনৈতিক চাপ প্রয়োগ থেকে বিরত থাকা, হ্রাসকৃত ফি কিস্তিতে পরিশোধের ব্যবস্থা করা ও অভিভাবকদের হয়রানি বন্ধ করা।
বক্তারা আন্দোলনে জড়িত অভিভাবকদের ফোন করে স্কুল থেকে বাচ্চা নিয়ে যাবার হুমকিতে ক্ষোভ প্রকাশ করেন এবং প্রয়োজনে শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
