ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিলে গোসল করতে গিয়ে দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার বিকালে স্থানীয়রা দুই ঘন্টা চেষ্টা করে মরদেহ উদ্ধার করে। নিহত শিক্ষার্থীরা হলো- রনহট্টা গ্রামের মো. আলমের ছেলে হামিদুর রহমান (১৫) এবং নারগুন গ্রামের মো. সোহাগে ছেলে মো. রহিত (১২)।
এ ঘটনায় ওই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। রহিত রনহট্টা চৌরঙ্গী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র এবং হামিদুর এবার এসএসসি পাস করেছে একই বিদ্যালয় থেকে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে গন্দর ব্রীজ এলাকায় ১০/১২জন বন্ধু মিলে ফুটবল খেলছিল। খেলা শেষে গন্দর ব্রীজ থেকে ঝাঁপ দেয় হামিদুর ও রহিতসহ ৫ জন। এ সময় হামিদুর স্রোতে ডুবে যায় এবং রহিত নিখোঁজ হয়। কিছুক্ষণ পর হামিদুরের মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা ২ ঘন্টা চেষ্টা চালিয়ে বিকাল ৪টায় রহিতকে মৃত অবস্থায় উদ্ধার করে।
ডাঙ্গীপাড়া ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
