খাগড়াছড়িতে গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত

আপডেট : ২৯ জুন ২০২০, ০৬:৪২ এএম

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে ধর্মজয় ত্রিপুরা (২৮) নামে ইউপিডিএফের (প্রসীত গ্রুপ) এক কর্মী নিহত হয়েছেন। গতকাল রবিবার সকালে উপজেলার দুর্গম হাজাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ধর্মজয় উপজেলার মেরুং ইউনিয়নের হাজাপাড়ার সুখীচরণ ত্রিপুরার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ি থেকে সকালে বের হন ধর্মজয়। বাড়ির একটু দূরেই সন্ত্রাসীরা তার ওপর অতর্কিত গুলিবর্ষণ করে। এ সময় দৌড়ে পালানোর চেষ্টাকালে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, এলাকায় আধিপত্য নিয়ে প্রতিপক্ষ জেএসএস (এমএন লারমা) অথবা ইউপিডিএফ গণতান্ত্রিক গ্রুপ এই হত্যাকাণ্ড করে থাকতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এদিকে ইউপিডিএফের (প্রসীত গ্রুপ) প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ধর্মজয় হত্যার ঘটনায় জেএসএসকে (এমএন লারমা) দায়ী করা হয়েছে। সংগঠনের খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অনি চাকমা এ অভিযোগ করে হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানান। তবে জেএসএস (এমএন লারমা) এ অভিযোগ অস্বীকার করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত