প্রণোদনার জন্য করোনা রোগী সেজে ধরা রেল কর্মচারী

আপডেট : ২৯ জুন ২০২০, ০৬:৫০ এএম

করোনাভাইরাসে পজিটিভ প্রমাণ করতে পারলেই সরকারি প্রণোদনার টাকা পাওয়া যাবেÑ এমন লোভে পড়ে করোনা রোগীর সনদ নিয়েছিলেন রেলওয়ে জেনারেল হাসপাতালের কর্মচারী কুতুবে রাব্বানী। মেডিসিন ক্যারিয়ার পদের এই কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন বলে জানান তার অফিসকে। সেই মোতাবেক কাগজপত্রও দাখিল করে ছুটি কাটান। কিন্তু একটি গোয়েন্দা সংস্থা গোপনে খোঁজখবর নিয়ে জানতে পারে কুতুবে রাব্বানী করোনা আক্রান্ত হননি।

খোঁজ নিয়ে জানা যায়, প্রণোদনার টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে রাব্বানী করোনা পজিটিভের নকল সনদ তৈরি করেন। এতে নিজেই মুগদা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. মৌসুমী সরকারের জাল স্বাক্ষর বসান।

গোয়েন্দা কর্মকর্তারা জানান, গতকাল রবিবার বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত রেলওয়ে কর্মচারী হাসপাতালসহ কুতুবে রাব্বানীর বাসায় অভিযান চলে। এরপর তাকে করোনা পজিটিভের জাল সনদসহ আটক করা হয়। মুগদা থানা পুলিশের সহায়তায় ওই অভিযান পরিচালনা করা হয়।

মুগদা থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের দেশ রূপান্তরকে কুতুবে রাব্বানীকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্তাধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত