নোয়াখালীতে করোনায় লকডাউন করা ২০ পরিবারকে বিএনপির খাদ্য সহায়তা

আপডেট : ২৯ জুন ২০২০, ০৮:৫৬ পিএম

নোয়াখালী সদর উপজেলায় লকডাউন করা দুই বাড়ির ২০ পরিবারকে খাদ্য সহায়তা করেছে স্থানীয় বিএনপি। এর মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণসহ একাধিক খাদ্য সামগ্রী।

এলাকায় খাদ্য সামগ্রী বিতরণের বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান সোমবার দেশ রূপান্তরকে বলেন, ৮ মার্চ দেশে করোনা আক্রান্ত রোগী শনাক্তের পর থেকে তার নেতৃত্বে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছে ধারাবাহিকভাবে। রোজার ঈদের সময়ও সহায়তা করা হয়।

তিনি বলেন, লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এলাকার দুস্থদের মাঝে খাদ্য সহায়তা করছি। করোনাভাইরাসের প্রাদুর্ভাব না কমা পর্যন্ত সামর্থ্য অনুযায়ী আমরা সহায়তা করে যাব।

সোমবার মো. শাহজাহানের পরামর্শে ও সদর উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক মো. মনজুরুল ইসলাম চৌধুরীর সার্বিক সহযোগিতায় ১নং চরমটুয়া ইউনিয়নে করোনায় আক্রান্ত ও লকডাউনকৃত বাড়িতে অবরুদ্ধ পরিবারসমূহের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ১ নং চরমটুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন দুলাল, সদর উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাবুল ও ১নং চরমটুয়া'র ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত