একেবারেই তরুণ একটা দলটি ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়েছিল ভারত। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আসরে চ্যাম্পিয়ন হয় দলটি। শচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়ের মতো তারকাদের বাইরে রেখেই এসেছিল এই সাফল্য। ভারতে দলে তরুণ প্রাণের সঞ্চারও ওই আসর থেকেই।
অনেকেই এখনো এটা বিশ্বাস করেন, সিনিয়র ক্রিকেটাররা তরুণদের সুযোগ করে দিতেই সেবার নিজেদের সরিয়ে নিয়েছিলেন। কিন্তু সে আসরে ভারতী দলের কোচ লালচাঁদ রাজপুত বলছেন, শচিন টেন্ডুলকার আসলে সেই আসরে খেলতে আগ্রহী ছিলেন। কিন্তু সৌরভসহ শচিনকে টুর্নামেন্ট না খেলতে রাজি করিয়েছিলেন রাহুল দ্রাবিড়।
স্পোর্টসকিডাকে রাজপুত বলছেন, ‘হ্যাঁ এটা সত্যি (শচিন এবং সৌরভকে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলতে দ্রাবিড়ের রাজি করানো)। দ্রাবিড় ইংল্যান্ড সফরে অধিনায়ক ছিল। অনেক খেলোয়াড় ইংল্যান্ড থেকে সরাসরি জোহানেসবার্গে আসে। তারাই বলেছিল তরুণদের সুযোগ করে দিতে।’
রাজপুত যোগ করেন, ‘কিন্তু বিশ্বকাপ জয়ের পর তারা অনেকেই অনুতপ্ত ছিল। কারণ শচিন সব সময় আমাকে বলত, আমি অনেকদিন খেলতে চাই, আমি এখনো বিশ্বকাপ জিততে পারিনি।’
