নকল সুরক্ষা সামগ্রী বিক্রির দায়ে ১ লাখ ২৪ হাজার টাকা জরিমানা

আপডেট : ৩০ জুন ২০২০, ১২:৩৫ এএম

করোনা মহামারিতেও থেমে নেই কিছু দুষ্ট চক্রের কর্মকাণ্ড। অতিরিক্ত মুনাফার আশায় তারা মহামারিকেই পুঁজি করে মানহীন ও নকল সুরক্ষা সামগ্রী বিক্রি করে নাগরিকদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে।

সোমবারও রাজধানীর তোপখানা রোড ও বিএমএ ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করে ঢাকা জেলা প্রশাসন। অভিযানে নকল হ্যান্ড স্যানিটাইজার, অননুমোদিত কে-৯৫ মাস্ক ও ভুয়া ভাইরাস শাট আউট কার্ড বিক্রি করার অভিযোগে ৭ টি মামলায় ১ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।  

অভিযানের সর্বাত্মক সহায়তা করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) এস এম শামীম ও ওষুধ প্রশাসন।

ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মাহনাজ হোসেন ফারিবা দেশ রূপান্তরকে এসব তথ্য জানিয়ে বলেন, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলা অভিযানে দেখা গেছে বিএমএ ভবনের মতো মার্কেটগুলোতেও নকল হ্যান্ড স্যানিটাইজার, অননুমোদিত কে-৯৫ মাস্ক ও ভুয়া ভাইরাস শাট আউট কার্ড বিক্রি হচ্ছে।

তিনি বলেন, ভাইরাস শাট আউট কার্ড যা গলায় ঝুলালে ১ মাস করোনা ভাইরাস প্রতিরোধ করে বিষয়টি পুরোই ভিত্তিহীন। এগুলো সম্পূর্ণ প্রতারণামূলক কার্যক্রম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত