তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানিকৃত পেঁয়াজের দাম পাইকারিতে কেজিপ্রতি ৫ টাকা বেড়েছে। তিন দিন আগেও প্রকারভেদে প্রতি কেজি পেঁয়াজ ১৫-১৬ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে বিক্রি হচ্ছে ২০-২১ টাকা দরে। দেশের বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকার কারণে আমদানি করা পেঁয়াজের চাহিদা বাড়ায় ও দেশীয় পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় আমদানি করা পেঁয়াজের দাম বাড়ছে বলে জানিয়েছেন বন্দরের ব্যবসায়ীরা। পেঁয়াজ সরবরাহকারী আইয়ুব হোসেন ও স্বপন মুন্সী বলেন, গত সপ্তাহে পেঁয়াজের দাম ছিল ১৫-১৬ টাকা; কিছু পেঁয়াজ আরও কম দামে ১১-১২ টাকায় বিক্রি হয়েছিল। তবে ওই সময়ে পেঁয়াজের মান কিছুটা খারাপ থাকায় দাম কম ছিল। আগে চাহিদা কম থাকলেও বর্তমানে দেশের বিভিন্ন স্থানে লকডাউন কিছুটা শিথিল হওয়ার কারণে দোকানপাট ব্যবসাপ্রতিষ্ঠান খুলছে। যে কারণে ওইসব এলাকায় পেঁয়াজের বেশ চাহিদা বাড়ছে। সেই সঙ্গে দেশের অন্যান্য বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এজন্য হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি চালু থাকায় এ বন্দরে পেঁয়াজের চাহিদা বেড়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় পেঁয়াজের দাম বাড়ছে। একই সঙ্গে বাজারে দেশীয় পেঁয়াজের দাম খানিকটা বেশি হওয়ায় ও তুলনামূলক আমদানি করা পেঁয়াজের দাম কেজিতে ১০-১৫ টাকা কম হওয়ার কারণে সাধারণ মানুষ আমদানি করা পেঁয়াজের ওপরে ঝুঁকেছেন।
×
