রাজধানীর শ্যামবাজারসংলগ্ন বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া এমভি মর্নিং বার্ড লঞ্চটি উদ্ধার করে তীরে আনা হয়েছে।
এ সময় আরও একটি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ৩৩ জনের লাশ উদ্ধার করা হলো।
মঙ্গলবার দুপুর ১টার দিকে লঞ্চটি টেনে তীরে আনা হয়।
লঞ্চ ও লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার কর্মকর্তা আজিজুর রহমান।
রাজধানীর শ্যামবাজারসংলগ্ন বুড়িগঙ্গা নদীতে সোমবার সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-মুন্সীগঞ্জ রুটের এমভি মর্নিং বার্ড নামে দোতলা লঞ্চটি ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ লঞ্চটির ধাক্কায় ডুবে যায়।
এ ঘটনার তদন্তে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে সাতজনকে আসামি করে রাতে নৌপুলিশ সদরঘাট থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শামসুল বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
