রিলিফের দিন শেষ, ২৪ ঘণ্টা জনগণের পাশে সরকার: পরিকল্পনামন্ত্রী

আপডেট : ০২ জুলাই ২০২০, ০৪:৫৮ পিএম

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সারাবিশ্বে এখন করোনা মহামারী চলছে, আমাদের দেশেও এই মহামারি হানা দিয়েছে। সরকার দেশের যেকোন দুর্যোগে মানুষের জন্য ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছেন। যাতে করে এই মহামারি থেকে দেশের মানুষকে রক্ষা করা যায়। তবে আমরা চাই না মানুষ রিলিফ খেয়ে বাঁচুক, এটা আমাদের মূল কাজ নয়, আমরা চাই জনগণ এখন কাজ করে খেয়ে বাঁচতে শিখুক। আমাদের সরকার রিলিফে বিশ্বাসী নয়। তবে যেকোন দুর্যোগে আমরা জনগণের পাশে আছি।  

বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বন্যায় কবলিত শতাধিক পরিবারের মাঝে চাল বিতরণকালে মন্ত্রী এসব কথা বলেন। 

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় নিম্ন আয়ের মানুষদের যারা দিনে আনে দিনে খায়, হাওরে মাছ ধরে, তাদের জন্য কাজ করতে আগ্রহী। করোনা এবং বন্যাসহ সব দুর্যোগে প্রধানমন্ত্রীর সাথে আমরা সবাই দেশের মানুষের কল্যানে সবসময় কাজ করে যাচ্ছি। সবাই মিলে বন্যার দুর্ভোগ ও মহামারী দূর করতে পারবো।

এ সময় আরও উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজি মুক্তাদির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, জয়কলস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুক মিয়া, দরগাপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির উদ্দিন প্রমুখ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত