আইপিএলে খেলার সময় বর্ণবৈষম্যের শিকার হওয়ার অভিযোগ করেছিলেন ড্যারেন স্যামি। যা নিয়ে কিছুদিন বেশ তোলপাড়ই হয়েছে। এবার ওয়েস্ট ইন্ডিজকে দু-দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো অধিনায়ক আঙুল তুললেন ভারতীয় সংস্কৃতির দিকে। ‘ফেয়ার অ্যান্ড লাভলি’র বিজ্ঞাপনকে সামনে রেখে স্যামির অভিযোগ, ভারতের সংস্কৃতিতেই রয়েছে বর্ণবাদ।
ক্যারিবীয় তারকার প্রশ্ন, ভারতের সংস্কৃতি যদি বৈচিত্র্যময় হয়, তবে কোনো ক্রিম তাদের প্রচারে এমন নাম কীভাবে ব্যবহার করতে পারে?
আউটলুককে দেওয়া সাক্ষাৎকারে স্যামি বলেন, ‘তোমাদের বিজ্ঞাপন ফেয়ার অ্যান্ড লাভলি বুঝিয়ে দেয় সুন্দর মানুষেরা ফর্সা হয়। এ থেকে কী বার্তা যায়? এতে বর্ণবাদের স্পষ্ট ইঙ্গিত রয়েছে।’
ক’দিন আগেই অবশ্য ইউনিলিভারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, ‘ফেয়ার অ্যান্ড লাভলি’ থেকে ‘ফেয়ার’ শব্দ বাদ দেওয়া হবে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর থেকেই বিশ্বজুড়ে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠে। স্যামিও প্রতিবাদে সামিল হয়েছেন। তার অভিযোগ, আইপিএলে সাইরাইজার্স হায়দরাবাদে খেলার সময় বর্ণবিদ্বেষের শিকার হয়েছিলেন।
শ্রীলঙ্কার পেসার থিসারা পেরেরা ও তাকে গায়ের রঙের জন্য কটাক্ষ শুনতে হয়েছে বলে অভিযোগ করেছিলেন স্যামি।
