সৎ মায়ের সহযোগিতায় মেয়েকে ধর্ষণ: বাবা গ্রেপ্তার

আপডেট : ০২ জুলাই ২০২০, ০৯:১৬ পিএম

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নে ১৫ বছর বয়সী কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বুধবার রাতে বাবা মনিরুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। ঢাকার যাত্রাবাড়ীর পশ্চিম জনতা বাজার এলাকা থেকে সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর একটি দল তাকে গ্রেপ্তার করে।

সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর সদর দপ্তর হাটিকুমরুল অফিসে বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে মিডিয়া অফিসার এএসপি মো. এরশাদুর রহমান এ তথ্য জানান। 

তিনি জানান, মায়ের বিবাহ বিচ্ছেদ হওয়ার পর ওই কিশোরী তার বাবা ও সৎ মায়ের কাছেই থাকে। প্রায় এক বছর ধরে তার বাবা মনিরুল সৎ মায়ের সহযোগিতায় তাকে বিভিন্ন ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ধর্ষণ করে আসছিল। পারিবারিক ও সামাজিক সম্মানের কথা বিবেচনা করে সে এতদিন তার বাবা-মায়ের এ অপকর্ম সহ্য করে আসছিল। এ নির্মম অত্যাচার অসহনীয় পর্যায়ে গেলে সে কোনো উপায় খুঁজে না পেয়ে ইউনিয়ন চেয়ারম্যানের সহযোগিতায় বেলকুচি থানায় ২৪ জুন একটি ধর্ষণ মামলা দায়ের করে।

র‌্যাব জানায়, এ  মামলা দায়েরের পর ধর্ষক মনিরুল ইসলাম বাড়ি ছেড়ে পালিয়ে যায়। অবশেষে সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর একটি দল অভিযান চালিয়ে তাকে ঢাকার যাত্রাবাড়ী পশ্চিম জনতা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে। 

এ বিষয়ে বেলকুচি থানার ওসি বাহাউদ্দীন ফারুকী জানান, মেয়েকে ধর্ষণ মামলার আসামি মনিরুল ইসলামকে সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর একটি দল গ্রেপ্তার করে বৃহস্পতিবার বিকেলে বেলকুচি থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। এ দিন বিকেলেই আদালতের মাধ্যমে তাকে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত