দেশ রূপান্তরে সংবাদ প্রকাশ

গাইবান্ধার সেই ওএমএস ডিলারের লাইসেন্স বাতিল

আপডেট : ০৩ জুলাই ২০২০, ০৭:০০ এএম

গাইবান্ধার সুন্দরগঞ্জের কাপাসিয়া ইউনিয়নে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ডিলার জাহিদুল ইসলামের ডিলারশিপ অবশেষে বাতিল করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করারও প্রস্তুতি নিচ্ছে উপজেলা প্রশাসন। একই পরিবারের ৩০ জনের নাম অন্তর্ভুক্তসহ অন্তত ১০০ জনের চাল আত্মসাতের অভিযোগ ওঠার পর জাহিদুলকে নিয়ে সম্প্রতি দুটি প্রতিবেদন প্রকাশ হয়েছিল দৈনিক দেশ রূপান্তরে।

গাইবান্ধা জেলা প্রশাসক ও সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া তথ্যমতে, ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে প্রতি বছরের ৫ মাস ৩০ টাকা কেজি দরে ভূমিহীন, কৃষি শ্রমিক, দিনমজুর ও ভিক্ষুকসহ দুস্থ কার্ডধারীদের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ দফার চাল আত্মসাতের অভিযোগ ওঠে ডিলার জাহিদুল ইসলামের বিরুদ্ধে। পরে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা খাদ্যবান্ধব কর্মসূচির সভাপতি কাজী লুতফুল হাসানকে ১৩ ও ১৯ মে লিখিত অভিযোগ দেন কর্মসূচিটির বঞ্চিত সুবিধাভোগীরা। পরে ১৩ মে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সেকেন্দার আলীকে ডিলার জাহিদুল ইসলামের বিষয়ে তদন্তের নির্দেশ দেন ইউএনও। এরপর নির্বাচন কর্মকর্তা মো. সেকেন্দার আলী সরেজমিনে তদন্ত শেষে গত ১৯ মে তদন্ত প্রতিবেদন জমা দেন। সেই তদন্তে ডিলার জাহিদুল ইসলামের বিরুদ্ধে অনিয়মের সত্যতার বিষয়টি উঠে আসে। এরপর ১৬ জুন উপজেলা খাদ্যবান্ধব কর্মসূচির সভা উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এই সভায় ডিলার জাহিদুল ইসলামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়ায় তার ডিলারশিপ বাতিল করা হয়। সম্প্রতি এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয় জেলা প্রশাসক ও জেলা খাদ্যবান্ধব কর্মসূচির সভাপতি মো. আবদুল মতিনকে। এরপর গতকাল বৃহস্পতিবার ওই ডিলারের ডিলারশিপ বাতিলের বিষয়টি প্রকাশ হয়। এছাড়া ডিলার জাহিদুল ইসলামের বিষয়ে তদন্ত করে অনিয়মের অভিযোগের সত্যতা পান উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আলাউদ্দিন বসুনিয়া ও জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের কারিগরি খাদ্য পরিদর্শক মো. মোজাম্মেল হোসেন।

এ ব্যাপারে জানতে চাইলে ইউএনও কাজী লুতফুল হাসান গতকাল বিকেলে দেশ রূপান্তরকে বলেন, ‘আগামী সপ্তাহের প্রথম দিকে ডিলার জাহিদুল ইসলামের বিরুদ্ধে মামলা করা হবে। সেই এজাহারে কতজন কার্ডধারীর চাল অনিয়ম করে আত্মসাৎ করা হয়েছে তা বিস্তারিত তুলে ধরে হবে।’

ডিলার জাহিদুলের অনিয়মের বিষয়ে গত ৭ জুন দৈনিক দেশ রূপান্তরে ‘৩ বছর ধরে ১০০ কার্ডধারীর চাল আত্মসাৎ ডিলারের’ এবং ১৮ জুন ‘গাইবান্ধায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের সত্যতা মিলল তদন্তে’ শিরোনামে আরেকটি প্রতিবেদন প্রকাশ হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত